ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক পুলিশের মামলায় কারাগারে
- আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৯:২৩:৪৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৯:৩৩:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: তাহিরপুরে ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবকের (৪০) বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত সোমবার দুপুরে উপজেলার একটি গ্রাম থেকে আটকের পর রাতে তার বিরুদ্ধে মামলা করা হয়। মঙ্গলবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ম অবমাননামূলক পোস্ট দেওয়ার অভিযোগে গত সোমবার দুপুরে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়া বলে আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই যুবক। তার ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে আইডি খুলে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ার কথা জানিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন জিডিতে। গ্রেপ্তার যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি আগে পুলিশের কনস্টেবল ছিলেন। বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক আহমদ জানান, ওই যুবক সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন। দীর্ঘদিন অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম অবমাননামূলক একটি পোস্ট দেওয়া হয়। এটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে সোমবার দুপুরে গ্রামে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে তাকে আটক করে। পুলিশ তাকে নিয়ে নৌকায় ওঠার সময়ে পেছন থেকে কিছু কিশোর-তরুণ ঢিল ছোড়েন এবং তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর পুলিশ তাকে দ্রুত থানায় নিয়ে যায়। এ ঘটনার পর তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জুনাব আলী, মেহেদী হাসানসহ অন্যরা গ্রামে গিয়ে এলাকাবাসীর সঙ্গে বৈঠক করেন। তারা এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ