স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে মাদক সেবনের জন্য টাকা না পেয়ে দীর্ঘদিন ধরে মা-বাবাকে শারীরিক নির্যাতনের অভিযোগে আব্দুল আলীম (১৯) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর (মমিসিংগাহাটি) গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবনের জন্য টাকা না দিলেই আব্দুল আলীম তার মা-বাবাকে শারীরিক নির্যাতন করতেন। ছেলের এমন আচরণে অতিষ্ঠ হয়ে তাকে সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন মা-বাবা। অভিযোগ পেয়ে তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নিজ বাড়ি থেকে আব্দুল আলীমকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৩৬৫ দিনের কারাদণ্ড দেন আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে জেলা কারাগারে পাঠানো হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, মাদকমুক্ত উপজেলা গড়তে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে কাজ করলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। উপজেলার সচেতন মহলের মতে, মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনানুগ ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
মাদক সেবনে টাকা না পেয়ে মা-বাবাকে নির্যাতন, যুবককে এক বছর কারাদণ্ড
- আপলোড সময় : ২৯-১০-২০২৬ ০১:০৬:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-১০-২০২৬ ০১:০৭:২২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ