দিরাইয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা
স্টাফ রিপোর্টার ::
দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারকে সহায়তা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী ও উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ, চাল, শুকনো খাবার, কম্বল, শাড়ি, লুঙ্গিসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকার জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ১০ হাজার টাকা, চালসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের সহযোগিতা করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে ভবিষ্যতেও প্রশাসন থাকবে। এ সময় তিনি অসহায় পরিবারগুলোর দুর্দশা লাঘবে এলাকার বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
