মোসাইদ রাহাত::
কখনো আগাম বন্যা ও অনিয়মিত অতিবৃষ্টি, কখনো তীব্র খরা ও অসহনীয় তাপপ্রবাহ। জলবায়ু পরিবর্তনের এমন অভিঘাতে বিপর্যস্ত সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা। বিশেষ করে কৃষিনির্ভর পরিবারগুলো ফসলহানি ও আয় কমে যাওয়ায় পড়েছে খাদ্যসংকটে। পরিবারের আয় কমে যাওয়ায় পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। অনেক পরিবারের তিন বেলা খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। ফলে হাওরাঞ্চলে শিশুদের মধ্যে বাড়ছে অপুষ্টির ঝুঁকি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০১২-১৩-এর তথ্যে সুনামগঞ্জের শিশুদের অপুষ্টির ভয়াবহ চিত্র উঠে এসেছিল। ওই জরিপ অনুযায়ী, জেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের ৪৯ দশমিক ৮ শতাংশ খর্বাকৃতির বা দীর্ঘমেয়াদি অপুষ্টিতে ভুগছিল। ৬৪ জেলার মধ্যে এ হার ছিল সর্বোচ্চ। একই সময়ে জাতীয় পর্যায়ে এ হার ছিল ২৭ দশমিক ৯ শতাংশ। এ ছাড়া সুনামগঞ্জের ৪৩ দশমিক ৫ শতাংশ শিশুর ওজন বয়সের তুলনায় কম পাওয়া যায়। এর প্রায় এক যুগ পর প্রকাশিত সর্বশেষ বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে অনুযায়ী, দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের ২৪ শতাংশ খর্বাকৃতির। ২৩ শতাংশ শিশুর ওজন বয়সের তুলনায় কম এবং ১২ দশমিক ৯ শতাংশ শিশু ক্ষীণকায়। বিভাগভিত্তিক হিসাবে খর্বাকৃতি শিশুর হার সবচেয়ে বেশি সিলেটে, ৩২ শতাংশ। তবে সর্বশেষ জরিপে সুনামগঞ্জ জেলার পৃথক পরিসংখ্যান নেই। ফলে জেলার বর্তমান পরিস্থিতি সুনির্দিষ্টভাবে জানা যাচ্ছে না। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে কৃষি ও খাদ্যনিরাপত্তায়। বিশেষ করে বোরো ধানের পাশাপাশি শাকসবজি ও ফল চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও খরার কারণে কৃষকেরা বারবার ক্ষতির মুখে পড়ছেন। এতে কর্মসংস্থান ও আয় কমে যাওয়ায় প্রান্তিক পরিবারগুলোর খাদ্যতালিকা ছোট হয়ে আসছে। মাছ, মাংস, ডিম, দুধ ও ফলমূলের মতো পুষ্টিকর খাবার অনেক পরিবারের নাগালের বাইরে চলে গেছে। সদর উপজেলার সৈয়দপুর গ্রামের লাকি আক্তারের পাঁচ বছর বয়সী সন্তান ঠিকমতো খেতে চায় না। অভাবের কারণে শিশুকে পুষ্টিকর খাবারও দিতে পারছেন না তিনি। লাকি আক্তার বলেন, আমার বাচ্চার বয়স পাঁচ বছর। কিন্তু সে ঠিকমতো কিছু খেতে চায় না। আমরা ফল বা পুষ্টিকর খাবারও খাওয়াতে পারি না। অন্য পাঁচ বছরের শিশুদের দেখলে কত সুন্দর লাগে। অথচ আমার বাচ্চার বয়স পাঁচ বছর হলেও স্বাস্থ্য খুব খারাপ। নিজের কাছেই খারাপ লাগে। হাওর এলাকার বাসিন্দা দুলন রানী বলেন, অনেক খাবার আছে, যা আমরা খেতে পারি না, স্বপ্নেও দেখি না। আপেল, কমলা, আঙুর, মাল্টা, ডালিম কীভাবে খাব? তিন বেলা ভাতই খেতে পারি না। আয়-রোজগার নেই। খাবারের অভাবে বাচ্চারা অসুস্থ হয়। তাদের সামনে ভালো খাবার দিতে পারি না। একই গ্রামের রুজেলা বেগমের তিন বছরের শিশুও পুষ্টিহীনতায় ভুগছে। অভাবের কারণে শিশুকে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা দিতে পারছেন না তিনি। রুজেলা বেগম বলেন, আমাদের সন্তান পুষ্টিহীনতায় ভুগছে। কিন্তু ভালো কিছু খাওয়াতে পারি না। ডাক্তারও দেখাতে পারি না। অভাবের কারণে নিজেরাই চলতে পারি না, শিশুকে দামি খাবার কিনে খাওয়াব কীভাবে? আমাদের পাশে সরকার না দাঁড়ালে চলার পথ থাকবে না। শিশুদের অপুষ্টির চিত্র শুধু বাড়িতে সীমাবদ্ধ নয়, হাসপাতালেও দেখা মিলছে এর ভুক্তভোগীদের। জামালগঞ্জ উপজেলার নুরুল করিম তার তিন সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিন সন্তানই পুষ্টিহীনতায় ভুগছে। তাদের চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ছুটে এসেছেন তিনি। নুরুল করিম বলেন, বাচ্চাকে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। সে খুব অসুস্থ। দেশি খাবার পাওয়া যায় না, সবই চাষের মাছ। এসব মাছ খেয়ে মানুষ কীভাবে শক্তি পাবে? আবার দেশি খাবারের যে দাম, তা কেনার সামর্থ্যও আমার নেই। আমি দিন আনি দিন খাই। বাচ্চাদের নিয়ে হাসপাতালে থাকায় বাড়িতে থাকা অন্য সন্তানরাও কষ্টে আছে। পরিবারে উপার্জন করার মানুষ আমি ছাড়া আর কেউ নেই। শিশুদের পুষ্টির সংকট বাড়ার পেছনে কৃষির পাশাপাশি গবাদিপশু পালনেও জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে। হাওরাঞ্চলে ঘাস ও পশুখাদ্যের সংকট দেখা দেওয়ায় অনেক পরিবার গরু-ছাগল পালন করতে পারছে না। এতে ঘরে উৎপাদিত দুধ ও ডিমের জোগানও কমছে। অন্যদিকে বাজার থেকে এসব খাবার কিনতে বাড়তি টাকা প্রয়োজন হওয়ায় দরিদ্র পরিবারগুলো পুষ্টিকর খাবার কেনা থেকে বিরত থাকছে। ছাতক উপজেলার চৌমুনা গ্রামের নকুল দাস বলেন, এখন ঘাস জোগাড় করা যায় না। ফলে গরু-ছাগল পালন করাও কঠিন হয়ে পড়েছে। ঘাসের খুব সংকট। এ কারণে দুধেরও অভাব দেখা দিয়েছে। এতে আমাদের বড় ক্ষতি হচ্ছে। শিশুরা পুষ্টিহীনতায় কষ্ট পাচ্ছে। আমরা চাই, হাওরাঞ্চলের মানুষের স্বাস্থ্য বিবেচনায় সরকার বিশেষ উদ্যোগ নিক। শহরের পূর্ব বাজারে ফল কিনতে এসেছিলেন মুস্তারা আক্তার। তিনি বলেন, বাজারে সবকিছুর দাম বেশি। দাম কমানো দরকার। তা না হলে শিশুরা এসব খাবার না খেতে পেরে আরো পুষ্টিহীনতায় ভুগবে। একজন ফল ব্যবসায়ীও বলছেন, উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। তিনি বলেন, জিনিসপত্রের দাম একটু কম থাকলে সাধারণ মানুষ কিনে খেতে পারত। আমাদের ব্যবসাও ভালো হতো। এখন যে দাম, তাতে সাধারণ মানুষ তো দূরের কথা, আমরা নিজেরাও ফল কিনে খেতে পারি না। একটি ফল নিজে খেলে লোকসান হয়। আমার বাচ্চার জ্বর, তাকে একটি মাল্টাও খাওয়াতে পারছি না। অথচ আমি ফল ব্যবসায়ী। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, শিশুদের পুষ্টিহীনতার পরিস্থিতি আমরা মূলত ইউনিসেফ ও বিবিএসের পরিচালিত এমআইসিএস জরিপের সঙ্গে তুলনা করি। সুনামগঞ্জের জন্য আমাদের কাছে ২০১২-১৩ ও ২০১৯ সালের তথ্য রয়েছে। সর্বশেষ প্রকাশিত জরিপে বিভাগভিত্তিক তথ্য দেওয়া হলেও জেলার পৃথক পরিসংখ্যান নেই। ২০১২-১৩ সালের তুলনায় ২০১৯ সালে অপুষ্টির হার কমেছিল। কিন্তু সর্বশেষ জরিপের বিভাগভিত্তিক তথ্যে খর্বাকৃতি, ক্ষীণকায় ও বয়সের তুলনায় কম ওজনের শিশুর হার কিছুটা বেড়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) আঞ্চলিক প্রধান মো. মুশফিকুছ সালেহীন বলেন, এ অঞ্চলে শিক্ষার হার কম হওয়ায় অনেক পরিবারের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা ও জ্ঞানের অভাব রয়েছে। পাশাপাশি বছরের ছয় থেকে আট মাস হাওরাঞ্চল পানির নিচে থাকায় খাদ্যের বৈচিত্র্য কমে যায়। ফলে সারা বছর শিশুদের জন্য সুষম ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। হাওরাঞ্চলের শিশুদের পুষ্টি সংকট মোকাবিলায় খাদ্য সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে পুষ্টিকর খাবার উৎপাদনের সুযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলাবদ্ধতা ও অতিবৃষ্টির ক্ষতি এড়াতে উঁচু বেড, মাচা ও ভাসমান বাগানের মতো পদ্ধতিতে ফল ও সবজি চাষ বাড়ানো যেতে পারে। এতে বাড়ির আঙিনা ও নিজস্ব জমিতে পুষ্টিকর খাবার উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং বাজারের ওপর নির্ভরশীলতা কমবে। হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ বলেন, হাওরাঞ্চলে প্রচুর ভূমি থাকলেও চাষযোগ্য সমভূমি কম। এ কারণে এখানে সবজি, ফলমূলসহ বিভিন্ন ফসলের বৈচিত্র্যও কম। ফলে হাওরের মানুষ প্রয়োজনীয় অণুপুষ্টি উপাদান, ভিটামিন ও খনিজ উপাদান কম গ্রহণ করে। কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে হাওরাঞ্চলে উৎপাদিত ফসলের চাষও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরন বদলে গেছে। অল্প সময়ে অতিবৃষ্টি হচ্ছে, আবার কখনো টানা বৃষ্টি হচ্ছে। এতে আগে যেসব ফসল ভালো উৎপাদিত হতো, সেগুলোর ফলনও কমে যাচ্ছে। ফলে ফলমূল ও সবজি থেকে পাওয়া প্রয়োজনীয় পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হচ্ছে হাওরের মানুষ। পুষ্টিহীনতা এখানে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, সরকারি একটি গবেষণায় দেখা গেছে, হাওরাঞ্চলের অনেক বালক-বালিকা বয়সের তুলনায় কম উচ্চতার। অর্থাৎ নির্দিষ্ট বয়সে তাদের যে উচ্চতা হওয়ার কথা, তা হচ্ছে না। দিন দিন পরিস্থিতি আরো উদ্বেগজনক হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এ সমস্যা বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে জলবায়ু সহনশীল সবজি, ফলমূল ও অন্যান্য ফসলের চাষ বাড়াতে হবে। এ জন্য প্রয়োজন গবেষণা, সরকারি উদ্যোগ ও পৃষ্ঠপোষকতা। হাওরাঞ্চলের শিশুদের পুষ্টি নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর টিফিন চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা। তাদের মতে, নিম্ন আয়ের অনেক পরিবারের শিশু না খেয়েই বিদ্যালয়ে আসে। বিদ্যালয়ে নিয়মিত পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা গেলে শিশুদের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও সহায়তা হবে। দোয়ারাবাজার এলাকার বাসিন্দা অনিক মিয়া বলেন, আমরা দেখি, দেশের অন্যান্য এলাকার প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কলা, ডিমসহ বিভিন্ন খাবার দেওয়া হয়। কিন্তু আমাদের জেলার সব জায়গায় এখনো এ ব্যবস্থা চালু হয়নি। হাওর এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ে এটি চালু করা জরুরি। সরকারের কাছে এটি আমাদের প্রাণের দাবি। দ্রুত কার্যকর উদ্যোগ না নিলে এ অঞ্চলের শিশুরা অপুষ্টিজনিত শারীরিক সমস্যায় ভুগবে এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়বে। সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম বলেন, আমরা যেসব এলাকায় কাজ করি, সেখানকার বেশির ভাগ মানুষ নিম্ন আয়ের। তারা দিন আনে দিন খায়। একটি পরিবারের পাঁচজন সদস্যের ভরনপোষণ অনেক সময় একজনের আয়ে চলে। এতে সব চাহিদা পূরণ করা সম্ভব হয় না। অনেক শিশু শিক্ষার্থী বাসা থেকে না খেয়েই স্কুলে আসে। এভাবে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠানের উদ্যোগে পুষ্টিকর টিফিনের ব্যবস্থা করা গেলে শিক্ষার্থীরা উপকৃত হবে। এদিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় নতুন করে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, সুনামগঞ্জের হাওরাঞ্চলে মাঝখানে হয়তো কিছুটা কাজের ঘাটতি ছিল। তবে নতুন করে কাজ শুরু হয়েছে। অপুষ্টিতে ভোগা শিশুদের শনাক্ত করতে উপজেলা ও মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবার কার্যক্রম আরো জোরদার করতে পারলে এ সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা
- আপলোড সময় : ১১-১১-২০২৬ ০৯:২৮:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৬ ০৯:৫৭:৩৭ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ