স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক
- আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৭:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৯:৫৭:২৭ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনা অমান্য করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভর্তি পরীক্ষার ব্যয়ের হিসাবেও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বুধবার (১১
নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়েছে, ভর্তি ফরম ও ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ নির্দেশনা অমান্য করলে সরকার এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
একই সঙ্গে নির্ধারিত ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের সুযোগ রাখা হয়নি। বিশেষ করে ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্নয়ন খাতেও অর্থ আদায়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নীতিমালায় ভর্তি পরীক্ষার ব্যয় নির্বাহের ক্ষেত্রেও নির্দেশনা রয়েছে। এতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার জন্য আদায় করা মোট অর্থ থেকে কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের চুক্তিমূল্য পরিশোধ করতে হবে। অবশিষ্ট অর্থের বিভাজনের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে উপকমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
প্রতিষ্ঠানপ্রধান সংশ্লিষ্ট গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির অনুমোদন নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করবেন। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আর্থিক বিধিবিধান অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটলে প্রতিষ্ঠানপ্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক