শহীদনূর আহমেদ::
সুনামগঞ্জ শহরে মাদককে হাতিয়ার করে অভিনব কায়দায় সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গ্রামাঞ্চল থেকে বিভিন্ন কাজে শহরে আসা সহজ-সরল মানুষই চক্রটির প্রধান টার্গেট। ইয়াবা সামনে ফেলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি এমন একাধিক ঘটনার অভিযোগ ও তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্টদের দাবি, চক্রটির সদস্যরা মাদক সেবন, চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তবে সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আমিনুর রহমান পলক নামের এক যুবককে ঘিরে এমনই একটি ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, পলকের সামনে পড়ে থাকা ইয়াবা ট্যাবলেটকে কেন্দ্র করে দুই যুবক তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে মাদকদ্রব্যের বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এ সময় পলক দাবি করেন, তাকে ফাঁসাতে পরিকল্পিতভাবে ইয়াবা ফেলে রাখা হয়েছে। পরে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর সহযোগিতায় পলক ও অভিযোগকারী দুই যুবককে সুনামগঞ্জ সদর থানায় নেওয়া হয়। অভিযোগকারী ওই দুই যুবক শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সূত্রের দাবি, তাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে ভুক্তভোগী আমিনুর রহমান পলক নিজের ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ব্যক্তিগত কাজে শহরে এসেছিলেন তিনি। পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক যুবক তার সামনে মাদক ফেলে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। প্রতিবাদ করলে আরও কয়েকজন এসে ওই যুবকের সঙ্গে যোগ দেন। তারা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় থানায় গেলে পুলিশ বিষয়টি বুঝতে পেরে তাকে সম্মানের সঙ্গে ছেড়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এদিকে, সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় ধূমপান করাকে কেন্দ্র করে শাল্লা থেকে আসা এক বিচারপ্রার্থীকে মারধর ও টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সাংবাদিক আব্দুল বাছির জানান, সপ্তাহখানেক আগে শাল্লা থেকে আসা এক সহজ-সরল যুবক জেলা প্রশাসকের কার্যালয়ের আঙিনায় ধূমপান করছিলেন। এ সময় শুভ নামের এক যুবক তাকে মারধর করেন এবং পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেন। তিনি ও আরও কয়েকজন মিলে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে বলেও দাবি করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানান, সুনামগঞ্জ সদর হাসপাতাল এলাকায়ও এমন একটি চক্র সক্রিয় রয়েছে। তারা অকারণে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে এবং সুযোগ বুঝে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। কিছুদিন আগে এক যুবক তাকে মদ্যপানের অভিযোগ তুলে হেনস্তা করেন। পরে আরও কয়েকজন এসে ওই যুবকের সঙ্গে যোগ দেন। তার দাবি, অভিযুক্ত ব্যক্তিরা মাদকাসক্ত।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আরিফ উল্লাহ বলেন, বৃহস্পতিবারের ঘটনার বিষয়ে তারা অবগত আছেন। তবে এ ধরনের অন্য কোনো ঘটনার বিষয়ে নতুন করে অভিযোগ পাননি। সরাসরি অভিযোগকারী না পাওয়ায় অপরাধীদের শনাক্ত করা কঠিন হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের প্রতারণা ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৭:৫৪:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৭:৫৫:৪৬ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ