ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:০২:০৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:০২:০৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হয়েছে। ২০০৫ সালের ১৪ নভেম্বর কর্মস্থলে যাওয়ার পথে জেএমবির বোমা হামলায় নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে। শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে দিবসটি স্মরণ করছে জেলা বিচার বিভাগ। এ উপলক্ষে রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগ, সুনামগঞ্জের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে এবং সিভিল জজ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. এমদাদ, যুগ্ম জেলা ও দায়রা জজ ধ্রুব জ্যোতি পাল, চিফ লিগ্যাল এইড অফিসার সোলায়মান কবীর, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জসিম, অতিরিক্ত জেলা জজ শ্যাম কান্ত সিনহা এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই বিচারকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। দায়িত্ব পালনকালে তাদের প্রাণহানির ঘটনাকে বিচার বিভাগের জন্য এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে স্মরণ করেন। একই সঙ্গে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, বিচার বিভাগের ওপর এ ধরনের হামলা কেবল ব্যক্তির ওপর আঘাত নয়, বরং ন্যায়বিচার ও আইনের শাসনের পরিবেশের জন্যও গুরুতর হুমকি। তাই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাবোধ জোরদার করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে সুনামগঞ্জ আদালত মসজিদের ইমাম ও খতিব মাওলানা তাজুল ইসলাম হাবিবীর পরিচালনায় নিহত দুই বিচারকের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ