হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা
- আপলোড সময় : ১৬-১১-২০২৬ ০৮:২৩:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১১-২০২৬ ০৮:২৯:৩২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে মামলার নথি সময়মতো আদালতে পাঠানো নিশ্চিত করতে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে প্রতিদিন দুপুর ২টার মধ্যে পরবর্তী কার্যদিবসের মামলার নথির চাহিদাপত্র সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। অন্যদিকে, চাহিদাপত্র পাওয়ার পর সংশ্লিষ্ট শাখার সুপারিনটেনডেন্টকে ওই দিনই নথি প্রস্তুত করে পরদিন সকাল সাড়ে ৯টার মধ্যে আদালতে পাঠাতে হবে। এ নির্দেশনা পালনে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা দেখা গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতির নির্দেশক্রমে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিধিমালা অনুযায়ী, মামলার পক্ষ বা দরখাস্তকারীদের দাখিল করা মেনশন স্লিপের ভিত্তিতে পরবর্তী কার্যদিবসে আদালতে নথি উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট বেঞ্চ অফিসার বা সহকারী বেঞ্চ অফিসারকে প্রয়োজনীয় চাহিদাপত্র সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হয়। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন দুপুর ২টার মধ্যে পরবর্তী কার্যদিবসের জন্য প্রয়োজনীয় নথির চাহিদাপত্র সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। দুপুর ২টার পর কোনো চাহিদাপত্র পাঠানো হলে পরবর্তী দিন ওই নথি আদালতে পাঠানো সম্ভব হবে না। সে ক্ষেত্রে নথিটি তার পরবর্তী কার্যদিবসে পাঠানো হবে। অন্যদিকে, সংশ্লিষ্ট শাখার সুপারিনটেনডেন্টদের চাহিদাপত্র পাওয়ার দিনই নথি প্রস্তুত করতে হবে। এরপর পরবর্তী কার্যদিবসে সকাল সাড়ে ৯টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে নথি পৌঁছানো নিশ্চিত করতে হবে। আদেশে আরও বলা হয়েছে, নির্ধারিত বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা করা হলে তা সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ১৯৮৩ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে। এ ধরনের অবহেলার জন্য দায়ী কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার, রেজিস্ট্রার (বিচার), সব বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার, সুপারিনটেনডেন্টসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক