সুনামগঞ্জ , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আশ্বাস মন্ত্রীর তাহিরপুরে বিএনপির বিক্ষোভ, এমপি কামরুলকে নিয়ে রতনের বক্তব্যের প্রতিবাদ আদালতের স্থগিতাদেশের পর সংবাদ সম্মেলনে টোল আদায়ের ঘোষণা ইজারাদারদের ‎জামালগঞ্জে টুফা নদীর ওপর কাঠের সেতু উদ্বোধন করলেন ইউএনও ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা মহাসড়কের দু’পাশ দখল করে অবৈধ স্থাপনা, বাড়ছে জনভোগান্তি প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট ডিসেম্বর ঘিরে রাজনৈতিক দলগুলোর কী পরিকল্পনা? শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাসকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

মাদককে হাতিয়ার করে প্রতারণা-হয়রানি

  • আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:১৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:১৪:০৫ পূর্বাহ্ন
মাদককে হাতিয়ার করে প্রতারণা-হয়রানি
সুনামগঞ্জ শহরে মাদককে হাতিয়ার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিশেষ করে গ্রামাঞ্চল থেকে বিভিন্ন প্রয়োজনে শহরে আসা সহজ-সরল মানুষকে লক্ষ্যবস্তু বানিয়ে একটি চক্রের এমন অপতৎপরতা জননিরাপত্তার জন্য নতুন হুমকি তৈরি করছে। মাদক নির্মূলের আইনকে ব্যবহার করে যদি কেউ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে, তবে তা শুধু প্রতারণা নয়, আইনের শাসনের প্রতিও সরাসরি চ্যালেঞ্জ। সম্প্রতি শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক যুবককে ইয়াবা সামনে ফেলে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একইভাবে জেলা প্রশাসকের কার্যালয় ও সদর হাসপাতাল এলাকায়ও সাধারণ মানুষকে হেনস্তা, মারধর এবং টাকা আদায়ের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও অভিযোগের ধরন ও কৌশলে মিল থাকায় বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। সবচেয়ে উদ্বেগের বিষয়, মাদককে এখানে অপরাধের উপকরণ হিসেবে নয়, বরং মানুষকে ফাঁসানো ও ব্ল্যাকমেইল করার হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে। কারও সামনে মাদক ফেলে তাকে মাদকসেবী বা মাদক বহনকারী হিসেবে অভিযুক্ত করার ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হলে তা ভয়াবহ প্রবণতা। এতে প্রকৃত মাদকবিরোধী অভিযানও প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অযথা আতঙ্ক সৃষ্টি হতে পারে। মনে রাখতে হবে, মাদক একটি সামাজিক ব্যাধি এবং এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু মাদকবিরোধী আইনকে ব্যক্তিগত স্বার্থ হাসিল, প্রতিশোধ কিংবা চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহারের কোনো সুযোগ নেই। কেউ মাদক অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেরাই বিচারক ও শাস্তিদাতা সেজে সাধারণ মানুষকে হয়রানি করতে পারে না। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযোগ না পেলে ব্যবস্থা নেওয়া কঠিন- পুলিশের এমন বক্তব্যের বাস্তবতা থাকলেও শুধু আনুষ্ঠানিক অভিযোগের অপেক্ষায় বসে থাকার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং একই ধরনের একাধিক অভিযোগকে প্রাথমিক সূত্র হিসেবে বিবেচনায় নিয়ে অনুসন্ধান করা যেতে পারে। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে জড়িতদের শনাক্ত করা এবং অপরাধ প্রমাণিত হলে আইনের আওতায় আনা জরুরি। বিশেষ করে পুরাতন বাসস্ট্যান্ড, সদর হাসপাতালসহ জনসমাগমপূর্ণ এলাকায় নজরদারি বাড়াতে হবে। সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ, প্রয়োজনে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং নিয়মিত পুলিশি টহল জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে ভুক্তভোগীরা যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে পরিবেশও নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষেরও সচেতন থাকা জরুরি। কেউ মাদক সামনে রেখে ভয় দেখালে, পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করলে কিংবা জোরপূর্বক কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করলে আতঙ্কিত না হয়ে আশপাশের মানুষের সহযোগিতা নিতে হবে এবং দ্রুত পুলিশকে জানাতে হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা যাচাই ছাড়া কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করাও কাম্য নয়। শান্তি-সম্প্রীতির সুনামগঞ্জ শহর কোনো অপরাধী চক্রের নিরাপদ বিচরণক্ষেত্র হতে পারে না। শহরে আসা একজন সাধারণ মানুষ যেন প্রতারণা, ভয়ভীতি কিংবা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা ছাড়াই নিজের কাজ স¤পন্ন করে বাড়ি ফিরতে পারেন - এ নিশ্চয়তা দেওয়া প্রশাসন ও পুলিশের দায়িত্ব। অভিযোগগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উপেক্ষা না করে দ্রুত নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপরাধী যে-ই হোক, তার পরিচয় নয়, অপরাধই হোক বিচারের মাপকাঠি। জননিরাপত্তা নিশ্চিত করতে এখনই দৃশ্যমান উদ্যোগ প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ

ঘর নির্মাণ নিয়ে বিরোধ: দুই দফা হামলা, রাজমিস্ত্রিসহ আহত ২, লুটপাটের অভিযোগ