স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের চারলেন সড়ক নির্মাণ ও সম্প্রসারণ কাজে বিদ্যুতের ৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পল্লী বিদ্যুৎ সমিতি। লাইন স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দুই সরকারি সংস্থার বিরোধ এখন প্রকাশ্য বাগবিতণ্ডায় রূপ নিয়েছে। পল্লী বিদ্যুতের আপত্তি, প্রস্তাবিত পথে লাইন স্থাপন করা হলে তাদের কার্যালয় ও পাশের মসজিদের ওপর দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কর্মকর্তা কর্মচারী ও মুসল্লিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। অন্যদিকে পিডিবির দাবি, মন্ত্রণালয় অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ীই তারা কাজ করছে। দুই সংস্থার এই বিরোধে গুরুত্বপূর্ণ চারলেন সড়ক প্রকল্পের কাজের অগ্রগতি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহরের ওয়েজখালি এলাকায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, সুনামগঞ্জ শহরের চারলেন সড়ক নির্মাণ ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সড়কের দুই পাশের বিদ্যুতের খুঁটি অপসারণ এবং নতুন স্থানে স্থাপনের কাজ চলছে। এরই অংশ হিসেবে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে ৩৩ কেভি বিদ্যুতের লাইন স্থাপনের প্রস্তুতি নেয় পিডিবি। কিন্তু প্রস্তাবিত স্থানে লাইন স্থাপনে আপত্তি জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাদের দাবি, ওই পথে লাইন স্থাপন করা হলে পল্লী বিদ্যুৎ কার্যালয় ও পাশের মসজিদের ওপর দিয়ে বিদ্যুতের লাইন যাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তারা কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত হলে পরিস্থিতি শান্ত হয়। পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমেদ বলেন, চারলেন সড়ক প্রকল্পের ড্রয়িং ও এস্টিমেট অনুসরণ করেই বিদ্যুতের লাইন স্থাপনের কাজ করা হচ্ছে। ৩৩ কেভি লাইনের নকশা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তা ইচ্ছামতো পরিবর্তনের সুযোগ নেই। তবে প্রয়োজন দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে নকশায় পরিবর্তন আনা সম্ভব। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বাধার কারণে তাদের শ্রমিকেরা কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, চারলেন সড়কের এ কাজে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), পিডিবি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সংশ্লিষ্টতা রয়েছে। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হলে বিদ্যুতের খুঁটি অপসারণ ও নতুন করে লাইন স্থাপনের কাজ দ্রুত স¤পন্ন করা প্রয়োজন। এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) আলোচনায় বসে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (ইঞ্জিনিয়ার) মো. বিদ্যুৎ মল্লিক বলেন, তাদের কার্যালয়ের সীমানা ঘেঁষে পিডিবি ৩৩ কেভি বিদ্যুতের লাইন স্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবিত পথে লাইনটি কার্যালয় ও মসজিদের ওপর দিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে বর্তমান প্রস্তাবিত স্থান থেকে অন্তত ১৫ ফুট দূরে লাইন স্থাপনের দাবি জানিয়েছেন তারা। তবে পিডিবি কর্তৃপক্ষ তাদের এ দাবি মানছে না বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জানতে সড়ক ও জনপথ অধিদপ্তরের সুনামগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
নকশা নিয়ে অনড় পিডিবি, আপত্তিতে পল্লী বিদ্যুৎ
৩৩ কেভি লাইন স্থাপন নিয়ে মুখোমুখি দুই বিদ্যুৎ সংস্থা
- আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩২:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০৭:৩৩:০৯ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ