নাশকতার প্রস্তুতির অভিযোগ
মধ্যনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- আপলোড সময় : ১৯-১১-২০২৬ ০৮:২০:৪১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-১১-২০২৬ ০৮:২০:৪১ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মুশাহিদ হোসেন (৪২) ও মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি উৎসব মিয়া (২৮)।
সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত মধ্যনগর ও তাহিরপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মুশাহিদ হোসেনকে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নিজ বসতঘর থেকে এবং উৎসব মিয়াকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজার থেকে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন জানান, নাশকতার প্রস্তুতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ৩০ আগস্ট মধ্যনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত মুশাহিদ ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। অন্যদিকে উৎসব মিয়া একই মামলার তদন্তে সন্দিগ্ধ পলাতক আসামি।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত উৎসব মিয়া ছাত্রলীগের বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন শাখার সহসভাপতি এবং উপজেলার কার্তিকপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি