বীজতলা তৈরি কার্যক্রম ব্যাহত, বিপাকে কৃষক
বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জলাশয় শুকিয়ে মাছ শিকারের অভিযোগ
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য ও বাদেহরিপুর গ্রামের বাসিন্দা মো. আমির হোসেনের (৩৫) বিরুদ্ধে দুই একর পরিমাণ একটি সরকারি খাস জলাশয়ে পাড়ে পাঁচটি শ্যালোমেশিন বসিয়ে ওই জলাশয়টির তলা শুকিয়ে গত বুধবার সকাল থেকে সেখানে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় হাওরের বোরো আবাদের জন্য বীজতলা তৈরি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই জলাশয়টির তলা শুকিয়ে মাছ শিকার বন্ধে উপজেলার বাদেহরিপুর গ্রামের কৃষক মো. উজ্জ্বল মিয়া (৩৫) গতকাল বৃহ¯পতিবার দুপুরে ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেছেন।
এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের পেছনে প্রায় দুই একর পরিমাণ একটি সরকারি খাস জলাশয় রয়েছে। গত বুধবার সকাল ১০টার দিকে এই জলাশয়টির পাড়ে বাদেহরিপুর গ্রামের মো. আমির হোসেন স্থানীয় তিনজন ব্যক্তিকে নিয়ে পাঁচটি শ্যালোমেশিন বসিয়ে জলাশয়টির পানি সেচে মাছ শিকার কার্যক্রম শুরু করেন।
উপজেলার বাদেহরিপুর গ্রামের কৃষক মো. উজ্জ্বল মিয়া (৪০) বলেন, বুধবার সকাল থেকে এই সরকারি খাস জলাশয়টির পানি শ্যালোমেশিন দিয়ে সেচে জলাশয়টির তলা শুকিয়ে সেখানে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে। আমরা এ নিয়ে বাধা দিলেও কোনো কাজ হয়নি। সরকারি এই খাস জলাশয়টির তলা শুকিয়ে মাছ শিকার করায় পানির অভাবে বোরো আবাদের জন্য বীজতলা তৈরি কার্যক্রম ব্যাহত হচ্ছে। এটি বন্ধে ইউএনও স্যারের কাছে আমি এলাকাবাসীর পক্ষে লিখিত অভিযোগ করেছি।
উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের বাসিন্দা ও ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. আমির হোসেন বলেন, আমি ৫০ হাজার টাকা দিয়া আমাদের গ্রামের গোলাম মৌলার কাছ থেকে এই জায়গাটি থেকে মাছ ধরার জন্য এটি কিনছি। তাই শ্যালোমেশিন দিয়া পানি হিইচ্ছা মাছ ধরতাছি।
একই গ্রামের গোলাম মৌলা বলেন, আমি সরকারি এই জলাশয়টি কারও কাছে বিক্রি করিনি। আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, সরকারি খাস জলাশয়ে স্যালোমেশিন দিয়ে তলা শুকিয়ে মাছ শিকার করা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি