নূরুননাহার লোনা::
সুনামগঞ্জের হাওরাঞ্চলে একসময় বর্ষা এলেই বিস্তীর্ণ জলাভূমি ভরে উঠত শাপলা, শালুক, পদ্ম, পানিফল, কলমি, হেলেঞ্চা ও নানা প্রজাতির জলজ উদ্ভিদে। এসব উদ্ভিদ শুধু হাওরের প্রাকৃতিক সৌন্দর্যই বাড়াত না, বরং মাছের প্রজনন ও আশ্রয়স্থল, জলজ প্রাণীর খাদ্য, পরিযায়ী ও দেশীয় পাখির বিচরণক্ষেত্র এবং স্থানীয় মানুষের খাদ্য ও জীবিকার গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ভূমিকা রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হাওরের চিত্র বদলেছে। স্থানীয়দের ভাষ্যমতে, অনেক এলাকায় জলজ উদ্ভিদের বিস্তৃতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। অনেক উদ্ভিদ আগের মতো চোখে পড়ে না, আবার কিছু প্রজাতি স্থানীয়ভাবে প্রায় বিলুপ্তির পথে। বিশেষজ্ঞরা বলছেন, জলজ উদ্ভিদ হারিয়ে যাওয়া কেবল কয়েকটি উদ্ভিদের সংকট নয়। জলজ উদ্ভিদ, মাছ, পাখি, উভচর প্রাণী, কীটপতঙ্গ ও অণুজীব একটি পরস্পরনির্ভরশীল বাস্তুতন্ত্র গড়ে তোলে। ফলে উদ্ভিদের আবাসস্থল সংকুচিত হলে পুরো খাদ্যশৃঙ্খল ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে।
স্থানীয়দের চোখে বদলে যাওয়া হাওর : দেখার হাওরপাড়ের বাসিন্দা সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের হারুনুর রশীদ বলেন, আগে সকালে ঘুম থেকে উঠে বিলে তাকালে মনে হতো সাদা শাপলার চাদর বিছানো আছে। নৌকা নিয়ে বের হলে শাপলা, শালুক, ডেফ ফল পাওয়া যেত। এখন আগের মতো এসব উদ্ভিদ আর দেখা যায় না। কোথাও কোথাও সামান্য শাপলা চোখে পড়ে মাত্র। একই অভিজ্ঞতার কথা জানান ৫৫ বছর বয়সী কৃষাণী জয়গুন বিবি। তিনি বলেন, একসময় শাপলার সিংড়া, শালুক আর বিভিন্ন জলজ শাকসবজি দিয়ে পরিবারের খাদ্যচাহিদা পূরণ হতো। শাপলার বীজ থেকে খৈ তৈরি করা হতো। এসব ছিল আমাদের সংস্কৃতির অংশ। এখন অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। গবেষণায় যা পাওয়া গেছে : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ২০১৬ সালের ডিসেম্বর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত ৯ মাস দেখার হাওরের জলজ উদ্ভিদ নিয়ে গবেষণা করেন। গবেষণায় মোট ৩৫ প্রজাতির জলজ উদ্ভিদ শনাক্ত করা হয়। এর মধ্যে ছিল: ১৩ প্রজাতির ভাসমান উদ্ভিদ, ১৬ প্রজাতির পানির ওপরে বা কিনারায় জন্মানো উদ্ভিদ এবং ৬ প্রজাতির নিমজ্জিত উদ্ভিদ। গবেষণায় দেখা যায়, বর্ষাকালে উদ্ভিদের বৈচিত্র্য সবচেয়ে বেশি ছিল। তবে আকস্মিক বন্যা ও মৌসুমি পরিবেশগত পরিবর্তনের কারণে কিছু সময়ে বৈচিত্র্য সূচক কমে যায়। গবেষকেরা হাওরের পরিবেশ, মাটির স্বাস্থ্য ও জলজ প্রাণীর জন্য এসব উদ্ভিদ সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। আরও সাম্প্রতিক তথ্য পাওয়া যায় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর প্রকাশিত ২০২৫ সালের ঈড়সঢ়ৎবযবহংরাব ঝঃঁফু ভড়ৎ ঊাধষঁধঃরড়হ ধহফ টঢ়ফধঃরহম ড়ভ গধংঃবৎ চষধহ ভড়ৎ ঐধড়ৎ অৎবধ প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, দেখার হাওরের আয়তন ১১ হাজার ৫১৫ হেক্টর এবং এখানে ৩৬টি বিল রয়েছে। জরিপে মৌসুমভেদে জলজ উদ্ভিদের যে উপস্থিতি পাওয়া যায় তা হল- শুষ্ক মৌসুমে মোট ২০ প্রজাতি। এর মধ্যে ভাসমান ৮, পানির ওপরে জন্মানো ১০ এবং নিমজ্জিত ২টি। বর্ষা মৌসুমে মোট প্রজাতি ১৬, এর মধ্যে ভাসমান ৬, পানির ওপরে জন্মানো ৮ এবং নিমজ্জিত ২। এছাড়া শরৎকালে মোট ১৮ প্রজাতির জলজ উদ্ভিদের দেখা মিলে। এর মধ্যে ভাসমান ৮, পানির ওপরে জন্মানো ৯ এবং পানিতে নিমজ্জিত ১টি উদ্ভিদ পাওয়া যায়। যদিও দুই গবেষণার পদ্ধতি, সময় ও নমুনা সংগ্রহের ধরন ভিন্ন, তবু তথ্যগুলো ইঙ্গিত দেয় যে জলজ উদ্ভিদের বৈচিত্র্যে পরিবর্তন ঘটছে এবং বিষয়টি আরও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের দাবি রাখে।
উদ্ভিদ কমলে ক্ষতিগ্রস্ত হয় পুরো বাস্তুতন্ত্র : সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শরীফুল হক আকন্দ বলেন, জলজ উদ্ভিদ হাওরের মাছের প্রজনন, পোনা মাছের আশ্রয় এবং খাদ্য সংগ্রহের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। শাপলা, পানিফল, কচুরিপানা ও অন্যান্য ভাসমান উদ্ভিদ মাছ, ব্যাঙ, জলজ সরীসৃপ ও হাঁসের জন্য আবাস তৈরি করে। পানির নিচে জন্মানো উদ্ভিদ পোনা মাছ ও ক্ষুদ্র জলজ প্রাণীর নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে। পাশাপাশি এসব উদ্ভিদ পানির স্বচ্ছতা বজায় রাখা এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ২০২৫ সালের হাওর মহাপরিকল্পনা হালনাগাদ প্রতিবেদনে দেশীয় জলজ উদ্ভিদ পুনরুদ্ধার, মাছ-পাখি ও উভচর প্রাণীর আবাসস্থল সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত পর্যবেক্ষণ জোরদারের সুপারিশ করা হয়েছে।
মাছের বৈচিত্র্যও কমছে : দেখার হাওর ও দিরাইয়ের সুরমা নদীর জলমহাল এলাকায় ২০১৩ সালের জুন থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত পরিচালিত এক গবেষণায় মোট ৮৪ প্রজাতির মাছের তথ্য পাওয়া যায়। গবেষণাকালে ৬৫ প্রজাতির মাছ শনাক্ত হলেও আগের দশকের তুলনায় ১৯ প্রজাতির মাছ আর পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। গবেষণায় মাছের বৈচিত্র্য কমে যাওয়ার পেছনে পানি শুকিয়ে মাছ ধরা, অতিরিক্ত আহরণ, পানির গভীরতা কমে যাওয়া, পলি জমা এবং জলমহাল ব্যবস্থাপনাসংক্রান্ত সমস্যাকে দায়ী করা হয়েছে।
কেন হারিয়ে যাচ্ছে জলজ উদ্ভিদ? : বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ড জলজ উদ্ভিদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। প্রধান কারণগুলো হলো: অনিয়মিত বৃষ্টিপাত ও জলবায়ুগত পরিবর্তন, আগাম বন্যা ও পাহাড়ি ঢল, নদী-খাল-বিলে অতিরিক্ত পলি জমা, কৃষিজমির সম্প্রসারণে জলাভূমি সংকোচন, কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার, জ্বালানি, খাদ্য ও বাণিজ্যিক উদ্দেশ্যে অতিরিক্ত উদ্ভিদ আহরণ। টাঙ্গুয়ার হাওরের ভূমি ব্যবহার পরিবর্তনবিষয়ক গবেষণাতেও দেখা গেছে, নলখাগড়ার বিস্তৃতি কমে যাওয়ার পেছনে অতিরিক্ত সংগ্রহ এবং জলাভূমির প্রান্তবর্তী অঞ্চল কৃষিজমিতে রূপান্তরের ভূমিকা রয়েছে। গবেষণায় পানির গুণগত মানের অবনতি এবং পানির স্বচ্ছতা কমে যাওয়াকেও কিছু জলজ উদ্ভিদ বিরল হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
খাল-নদীর মৃত্যু বাড়াচ্ছে সংকট : পানি উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক জানান, ২০২৫ সালের হাওর মহাপরিকল্পনা হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, হাওর অঞ্চলের প্রায় ৯ হাজার ২৮ কিলোমিটার খাল ও ছোট নদীর মধ্যে ৫ হাজার ১৭৭ কিলোমিটার ইতোমধ্যে শুকিয়ে গেছে বা পলি জমে কার্যকারিতা হারিয়েছে। প্রতিবেদনে এসব জলপথ পুনঃখননের সুপারিশ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে না পারলে হাওরের জলজ পরিবেশ পুনরুদ্ধার করা কঠিন হবে।
সংরক্ষণে যা করা দরকার : গবেষণা ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কয়েকটি উদ্যোগ জরুরি বলে মনে করা হচ্ছে: হাওরের জলজ উদ্ভিদের পূর্ণাঙ্গ ও নিয়মিত জরিপ পরিচালনা, শাপলা, শালুক, পানিফল, মাখনা, হেলেঞ্চাসহ দেশীয় উদ্ভিদের বীজ ও চারা সংরক্ষণ; প্রাকৃতিক জলাভূমি, বিল ও মাছের প্রজননক্ষেত্র দখল এবং ভরাট বন্ধ; জলজ উদ্ভিদসমৃদ্ধ এলাকায় নির্বিচার আহরণ নিয়ন্ত্রণে স্থানীয় ব্যবস্থাপনা গঠন; কৃষিজমিতে সার ও কীটনাশকের ব্যবহার বিজ্ঞানভিত্তিকভাবে নিয়ন্ত্রণ; খাল ও নদীর স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার; স্থানীয় মানুষ, মৎস্যজীবী, কৃষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করা।
জলজ উদ্ভিদের গুরুত্ব : বিশেষজ্ঞরা জানান, সাদা ও লাল শাপলা মাছ ও জলজ প্রাণীর আশ্রয়, খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। শালুক মানুষের খাদ্য ও জলজ প্রাণীর আবাসস্থল। পানিফল পুষ্টিকর খাদ্য এবং জলজ বাস্তুতন্ত্রের অংশ। হেলেঞ্চা শাক হিসেবে ব্যবহৃত, উদ্ভিদবৈচিত্র্য সমৃদ্ধ করে। খুদিপানা ক্ষুদ্র জলজ প্রাণীর খাদ্য ও আশ্রয়স্থল। হিজল ও করচ পাখির আবাসস্থল, জলাভূমির প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাওরের জলজ উদ্ভিদ শুধু কিছু গাছপালা নয়; এগুলো পুরো জলাভূমি বাস্তুতন্ত্রের ভিত্তি। শাপলা-শালুক হারিয়ে গেলে শুধু একটি দৃশ্যমান সৌন্দর্য নয়, হারিয়ে যায় মাছের আশ্রয়, পাখির খাদ্যভূমি, মানুষের ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতি এবং হাওরের প্রাকৃতিক ভারসাম্য। তাই এখনই কার্যকর সংরক্ষণ উদ্যোগ নেওয়া না হলে আগামী প্রজন্ম হয়তো শাপলায় সাদা হয়ে থাকা হাওরের সেই পরিচিত দৃশ্য শুধু গল্পেই শুনবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমছে মাছ, পাখি ও ঐতিহ্যবাহী খাদ্যসম্পদ
হাওরের বুক থেকে হারিয়ে যাচ্ছে জলজ উদ্ভিদ
- আপলোড সময় : ২০-১১-২০২৬ ১০:৪৫:৩৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২০-১১-২০২৬ ১০:৪৮:২০ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক