দীর্ঘ ২২ বছর পর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ
- আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৮:৫৩:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৮:৫৩:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে সুনামগঞ্জবাসীর। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১২ ডিসেম্বর হাওরবেষ্টিত সুনামগঞ্জ সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর প্রথম সুনামগঞ্জ সফর। এদিন সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য ‘কান্ট্রি গেমস-২০২৬ উৎসব’ উদ্বোধনের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তবে এই উৎসবের চেয়েও বড় হয়ে উঠেছে উন্নয়নবঞ্চিত সুনামগঞ্জের মানুষের প্রত্যাশা। দীর্ঘদিনের সড়ক যোগাযোগের দুরবস্থা, রেলপথ, সেতু, শিক্ষা-স্বাস্থ্য, কৃষি ও হাওরের স্থায়ী উন্নয়নের দাবিগুলো এবার সরকারপ্রধানের সামনে তুলে ধরতে চান জনপ্রতিনিধি ও জেলাবাসী।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ও কান্ট্রি গেমস আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। সভায় সুনামগঞ্জের চার সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে প্রধানমন্ত্রীর আগমনের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল
সভা সূত্রে জানা গেছে, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কান্ট্রি গেমস উৎসবে জেলার ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে স¤পৃক্ত বিভিন্ন খেলাধুলার আয়োজন থাকবে। এর মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী কুস্তি, হাডুডু, গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা ও মার্বেল খেলা। এসব আয়োজনের মধ্য দিয়ে হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশজুড়ে সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এ আয়োজন সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মুঠোফোনে বলেন, রবিবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রণালয়ে সুনামগঞ্জের চার সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সভা হয়েছে। সভায় কান্ট্রি গেমস আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ১২ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান এই উৎসবের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আগমনের বিষয়টি মোটামুটি নিশ্চিত। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি বলেন, সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ খেলাধুলাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী জাতীয় এই আয়োজনে অংশ নিয়ে বক্তব্য দেবেন। তাঁর আগমনকে ঘিরে জেলার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমন জেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। সুনামগঞ্জের উন্নয়ন নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে। প্রধানমন্ত্রী নিজ চোখে হাওরাঞ্চলের বাস্তবতা দেখবেন। তাঁর কাছে সড়ক যোগাযোগের উন্নয়ন, রেলপথ সম্প্রসারণ, সেতু নির্মাণসহ জেলার সার্বিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হবে।
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জ স্টেডিয়ামে কান্ট্রি গেমসের উদ্বোধন করবেন। আমরা চাই, এই সফরে তিনি সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামকে একটি পূর্ণাঙ্গ ও আধুনিক স্টেডিয়ামে রূপান্তরের উদ্যোগ নেবেন। পাশাপাশি সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীত করা, স্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করার বিষয়গুলো তাঁর নজরে আনা হবে। প্রধানমন্ত্রীর এই সফর সুনামগঞ্জবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে বলে আমরা আশাবাদী।
উন্নয়নবঞ্চনার অবসান চান হাওরবাসী :
প্রাকৃতিক সম্পদ, নদী-হাওর, কৃষি ও মৎস্যস¤পদে সমৃদ্ধ সুনামগঞ্জ দীর্ঘদিন ধরেই নানা অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে রয়েছে। বর্ষায় বিস্তীর্ণ জনপদ পানিতে বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক এলাকায় যাতায়াতের প্রধান ভরসা নৌপথ। সড়ক যোগাযোগের সীমাবদ্ধতা, উন্নত চিকিৎসাসেবার অভাব, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট এবং কৃষকের ফসল রক্ষার অনিশ্চয়তা এখানকার মানুষের নিত্যদিনের বাস্তবতা। প্রতি বছর আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে দিন কাটে কৃষকদের। এসব সমস্যার স্থায়ী সমাধান চান জেলার মানুষ।
জেলাবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরে সুনামগঞ্জ-সিলেট সড়ক চার লেনে উন্নীতকরণ, রেল নেটওয়ার্কে সুনামগঞ্জকে যুক্ত করা, প্রয়োজনীয় সেতু নির্মাণ, আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন এবং হাওরের ফসল রক্ষায় স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি কৃষি, মৎস্য ও পর্যটনস¤পদের সম্ভাবনা কাজে লাগিয়ে জেলার অর্থনৈতিক উন্নয়নে কার্যকর পরিকল্পনা নেওয়া হবে।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক বলেন, প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে আগমন নিঃসন্দেহে আনন্দের ও গৌরবের বিষয়। এই সফরের মধ্য দিয়ে জেলার উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হবে বলে আমরা আশা করি। তাঁকে ঘিরে হাওরের জেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
২২ বছর আগের সেই সফর :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনামগঞ্জে আগমন ঘিরে আলোচনায় উঠে এসেছে তাঁর পুরোনো সফরের স্মৃতিও। বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় ২০০৪ সালে সর্বশেষ সুনামগঞ্জ সফর করেছিলেন তিনি। সে সময় সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি সভায় বক্তব্য দেন তিনি। সাবেক সংসদ সদস্য নজির হোসেনের আমন্ত্রণে জামালগঞ্জ ও টেকেরঘাটে পৃথক জনসভায়ও বক্তব্য রেখেছিলেন। দীর্ঘ সময় পর এবার সরকারপ্রধান হিসেবে তাঁর আগমনকে ঘিরে তাই রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে, তেমনি জেলার সাধারণ মানুষের মধ্যেও জন্ম নিয়েছে নতুন প্রত্যাশা। তাঁদের কাছে ১২ ডিসেম্বর কেবল একটি ক্রীড়া উৎসবের দিন নয়; বরং দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও হাওরাঞ্চলের মানুষের জীবনসংগ্রামের কথা সরকারপ্রধানের কাছে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। কান্ট্রি গেমসের উৎসব শেষে সুনামগঞ্জের উন্নয়নে দৃশ্যমান অগ্রগতির আশ্বাস ও কার্যকর উদ্যোগ মিলবে - এমন প্রত্যাশায় এখন আশায় বুক বাঁধছে অবহেলিত সুনামগঞ্জ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ