হাম উপসর্গে সুনামগঞ্জের আরও দুই শিশুর মৃত্যু
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩১:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেট বিভাগে হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজনই সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও রুবেলার উপসর্গ নিয়ে সন্দেহজনক ও নিশ্চিত রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২১ জনে। এর মধ্যে সুনামগঞ্জ জেলাতেই মারা গেছেন ৭৬ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর দৈনিক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৃত তিন শিশুর মধ্যে ছাতক উপজেলার রফিক উল্লার ১ বছর ২ মাস বয়সী মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা এবং দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের ৯ মাস বয়সী ছেলে বর্ষণ রয়েছে। অপর শিশুটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী মেয়ে প্রিয়নশী দাস।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪০ জন। এর মধ্যে সুনামগঞ্জেই হাম রোগীর সংখ্যা ৯২৬ জন, যা বিভাগের চার জেলার মধ্যে সর্বোচ্চ। অন্য জেলাগুলোর মধ্যে সিলেটে ৪৬৬, হবিগঞ্জে ২৭৬ এবং মৌলভীবাজারে ১৭২ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৪ জন। এর মধ্যে সিলেটে ১১০, হবিগঞ্জে ৪০, সুনামগঞ্জে ৯ এবং মৌলভীবাজারে ৫ জন রয়েছেন।
জেলাওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ এবং মৌলভীবাজারে ১৭ জন মারা গেছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৬৭ এবং বেসরকারি হাসপাতালে ৮৩ জন ভর্তি আছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ