পিআইও’র মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩৬:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৩৬:১৫ পূর্বাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জিংলীগড়া গ্রামের সামনের সড়কে মঙ্গলবার দুপুরে সরকারি কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলের ধাক্কায় মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সেলিনা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার বড়খলা গ্রামে। তিনি ওই গ্রামের মুকশেদ আলীর স্ত্রী। মোটরসাইকেলটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মু. জাকির হোসেনের ছিল বলে জানিয়েছেন এলাকাবাসী। মোটরসাইকেলটি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী কিবরিয়া জামান চালাচ্ছিলেন আর তাঁর পেছনে বসা ছিলেন পিআইও মু.জাকির হোসেন।
এলাকাবাসী ও নিহত ওই নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে ওই নারী নিজ বাড়ি থেকে পাশের জিংলীগড়া গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন। তিনি জিংলীগড়া গ্রামের সামনের সড়কে বেলা সাড়ে ১২টার দিকে পৌঁছা মাত্রই পিআইও অফিসের মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিয়ে সড়কের নিচে ফেলে দেয়। পরে স্থানীয় লোকজন ওই নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বেলা দেড়টার দিকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মু. জাকির হোসেনের মুঠোফোন কল দিলে তিনি তা রিসিভ করেননি।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি