রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ, জাতীয় পার্টি ডাক পাচ্ছে, পাচ্ছে না ১৪ দলের শরিকেরা
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৭:৪৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৮:৫৭:৪৮ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ নভেম্বর থেকে এ সংলাপ শুরু হবে। ২৯, ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠক হবে।
ইসি সূত্র জানায়, ৩ দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাই দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এর বাইরে ইসিতে নিবন্ধিত দলগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে একাদশ ও দ্বাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।
গত ১২ অক্টোবর নিজেদের বৈঠকে নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। এবারের ইউপি নির্বাচন হচ্ছে পাঁচ ধাপে। তফসিল ঘোষণা করা না হলেও পাঁচ ধাপের ভোটের তারিখ এবং কোন ধাপে কোন কোন ইউপির নির্বাচন হবে, সে তালিকা ইতিমধ্যে প্রকাশ করেছে ইসি।
এবারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। আগামী ২১ জানুয়ারি হবে প্রথম ধাপের ভোট। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক