স্টাফ রিপোর্টার::
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় সংগঠনটির জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সাংগঠনিক সম্পাদক পাঞ্চালী চৌধুরী ও লিগ্যাল এইড সম্পাদক সাবিহা আক্তার। সংবাদ সম্মেলনে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ জানান, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ২ হাজার ৪১১ জন নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ১ হাজার ৯৬ জন কন্যাশিশু এবং ১ হাজার ৩১৫ জন নারী। এ সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৫৭৯ জন এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন নারী ও কন্যাশিশু। এ ছাড়া ধর্ষণের পর হত্যা, ধর্ষণচেষ্টা, শিশু হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা এবং বিভিন্ন ধরনের যৌন সহিংসতার শিকার হয়েছেন অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে লিঙ্গভিত্তিক সব ধরনের সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তাঁরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মহিলা পরিষদের সংবাদ সম্মেলন
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৩:১৮:৩৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৩:১৯:১৫ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ