স্টাফ রিপোর্টার::
সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সুনামগঞ্জ সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ টহল, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত জনবল মোতায়েনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। নজরদারি আরও কার্যকর করতে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা। ব্যবহার করা হচ্ছে নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের মতো অত্যাধুনিক প্রযুক্তি। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সমন্বিতভাবে সীমান্ত নিরাপত্তা জোরদারে কাজ করছে। সম্প্রতি সীমান্ত পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের কথা জানিয়েছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির। বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। নিয়মিত ও বিশেষ টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি রাতের টহলও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সম্পৃক্ত করে বাড়ানো হয়েছে জনসচেতনতামূলক কার্যক্রম। সীমান্ত নজরদারিতে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব ব্যবস্থার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ছাড়া নাইট ভিশন ডিভাইস ও থার্মাল ড্রোনের মাধ্যমে নজরদারির পাশাপাশি নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান এবং অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করে টহল পরিচালনা করছে বিজিবি। এদিকে চলতি বছরে সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। এসব অভিযানে ৮১ জন আসামিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ। এ ছাড়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টাকালে ১৬৩ জনকে প্রতিহত করেছে বিজিবি। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ততাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। সন্দেহজনক যেকোনো তৎপরতা সম্পর্কে স্থানীয়রা তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করছেন। পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ চলছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীন ব্যাটালিয়নগুলোর তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
থার্মাল ড্রোন, সার্চলাইট ও নাইট ভিশন সিসিটিভিতে বাড়ছে নিরাপত্তা
সুনামগঞ্জ সীমান্তে বিজিবির তৎপরতা, অনুপ্রবেশ ঠেকাতে যুক্ত হলো অত্যাধুনিক প্রযুক্তি
- আপলোড সময় : ২৬-১১-২০২৬ ০২:০৮:২৬ অপরাহ্ন
- আপডেট সময় : ২৬-১১-২০২৬ ০২:০৯:১৬ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ