ওয়েভ-এর আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান
- আপলোড সময় : ২৭-১১-২০২৬ ১১:২৫:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১১-২০২৬ ১১:২৫:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ - এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সুনামগঞ্জ সদর নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়েভ-এর সমন্বয়কারী সামিনা চৌধুরী মণি’র সভাপতিত্বে এবং যুগ্ম সমন্বয়কারী শবনম দ্দোজা জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্য, ন্যায়বিচার ও নারীর ক্ষমতায়ন’ শীর্ষক কি-নোট উপস্থাপনকালে কুদরত পাশা বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু নারীর ব্যক্তিগত সমস্যা নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নারী ও পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন, শান্তি ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, ধর্ষণ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ, নারী হত্যা ও ডিজিটাল মাধ্যমে হয়রানির মতো ঘটনা এখনো সমাজে উদ্বেগজনকভাবে বিদ্যমান। বিশেষ করে সুনামগঞ্জের প্রত্যন্ত হাওরাঞ্চলের নারী, কিশোরী, বিধবা ও প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা নানা সামাজিক ও অর্থনৈতিক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। সামাজিক লোকলজ্জা, অর্থনৈতিক অসচ্ছলতা ও নিরাপত্তাহীনতার কারণে অনেক নারী নির্যাতনের শিকার হয়েও আইনের আশ্রয় নিতে পারেন না।
২০২৬ সালে সুনামগঞ্জে গণমাধ্যমে প্রকাশিত নারী ও শিশুর প্রতি সহিংসতার বিভিন্ন ঘটনা তুলে ধরে তিনি বলেন, কিশোরী ধর্ষণ, বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ, ছাতকে প্রবাসীর স্ত্রীর ওপর যৌন সহিংসতা এবং শাল্লায় ১২ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ আমাদের জন্য সতর্কবার্তা। এসব ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ প্যানের যুগ্ম সমন্বয়কারী শাহীনা চৌধুরী রুবি, সদর পিএফজির পিস এম্বাসেডর সিরাজুল ইসলাম পলাশ, মছিহুর রহমান রাসেল, তৃষ্ণা আক্তার রোসনা, রিনা আক্তার, ইউপি সদস্য মাজেদা খাতুন, নারী অভিবাসী ফোরামের রুকসানা আক্তার, সায়মা বেগম, শিল্পী, সৃষ্টি যুবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার খালেদা আক্তার কল্পনা, শেলী রানী দাস, রাহেলা বেগম, আকিবুন নেছা, ওয়াইপিএজির তুর্য দাস, মুন্নি, সুরাইয়া, অনন্যা, রুমি। কৃতজ্ঞতা প্রকাশ করেন কৃতী শিক্ষার্থী কেয়া দাস ও ইছমত জাহান ফাইজা।
আলোচনা সভায় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক ঐক্য গড়ে তোলা, নির্যাতনের শিকার নারীর পাশে দাঁড়ানো এবং শান্তি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ