সুনামগঞ্জ , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অপরিকল্পিত বাঁধে বিপদ, উন্নয়নের নামে আত্মঘাতী পথচলা অপরিকল্পিত বাঁধ ও উন্নয়ন এখন হাওরের গলার কাঁটা ক্ষেতে-খলায় নষ্ট হচ্ছে ধান যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত অপরিকল্পিত বাঁধে হাওরে সর্বনাশ জলাবদ্ধতায় আক্রান্ত লক্ষাধিক হেক্টর জমির ফসল শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে ঠিকাদারি প্রতিষ্ঠানের সিসি ব্লক চুরির অভিযোগ উন্নয়ন প্রকল্পে বদলাচ্ছে ৫ বিদ্যালয়ের অবয়ব দিরাইয়ে ৬ দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিলেন এমপি কামরুজ্জামান কামরুল আজ মহান মে দিবস তাহিরপুরে ভাঙারখাল নদীর উপর টোল-ফ্রি বাঁশের সেতু নির্মাণ, স্বস্তি ফিরেছে জনজীবনে ৬৪৭৬ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল ডিসি সম্মেলন শুরু ৩ মে, থাকছে ৪৯৮ প্রস্তাব সুনামগঞ্জসহ ৫ জেলায় বন্যার পূর্বাভাস আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপিত জলাবদ্ধতায় তলিয়ে গেল ছায়ার হাওর কাটা ধানে গজাচ্ছে চারা জলাবদ্ধতায় ডুবছে হাওরের ধান, অসহায় কৃষক

দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১০:০০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১০:০০:২০ পূর্বাহ্ন
দেড় যুগে সবচেয়ে চাঙ্গা বিএনপি
শহীদনূর আহমেদ :: ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনে প্রায় দেড় যুগের মধ্যে বর্তমানে সবচেয়ে চাঙ্গা অবস্থায় রয়েছে সুনামগঞ্জের জাতীয়তবাদী বিএনপি ও তার অঙ্গসংগঠন। নেই মিথ্যা কিংবা গায়েবি মামলার চাপ। শেখ হাসিনা পলায়নের পর জামিনে কারাগার থেকে বের হয়ে আসছেন নেতাকর্মী। জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম। যেখানে নেতাকর্মীর সরব উপস্থিতি লক্ষ করা গেছে। সবমিলিয়ে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপ্ত ও চাঙ্গাভাব বিরাজ করছে। সম্প্রতি দলের কার্যক্রম গতিশীল করতে জেলা বিএনপির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্র। সদ্য সাবেক কমিটির সভাপতি, সাবেক তিন বারের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক করে ৩২ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত আহ্বায়ক কমিটিতে জেলা বিএনপির উল্লেখযোগ্য সক্রিয় নেতারা স্থান পাওয়ায় উচ্ছ্বসিত সংগঠনের তৃণমূল কর্মীরা। বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠিত হওয়ায় নতুন নেতৃত্ব ঘিরে ঢের প্রত্যাশা সংশ্লিষ্টদের। নেতাকর্মীরা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে চাঙ্গা অবস্থা বিরাজ করছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা বেশি উচ্ছ্বসিত। বিগত সময়ে হামলা, মামলার কারণে নিষ্ক্রিয় নেতাকর্মীর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন গ্রাম পর্যায়ের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিভিন্ন মিছিল, মিটিং ও সাংগঠনিক কর্মসূচির পদচারণায় মুখরিত রাজনৈতিক মাঠ। নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকে উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ব প্রত্যাশীরা এখন জেলামুখী। পদপদবী বাগিয়ে নিতে করছেন তোড়জোর। এদিকে অন্তবর্তীকালীন সরকারের রাষ্ট্রীয় সংস্কার ও আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আসনে প্রচার অভিযানে যোগ দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। সম্প্রতি সুনামগঞ্জ-৩ আসনের সম্ভাব্য প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী কয়ছর এম আহমদের একাধিক সভায় জেলা নেতৃবৃন্দের সরব উপস্থিতি ছিল। এছাড়াও দিরাই শাল্লা, ছাতক-দোয়ারাবাজার, তাহিরপুর, জামালগঞ্জসহ সংশ্লিষ্ট নির্বাচনী আসনে নানা কর্মসূচি পালন করছেন সম্ভাব্য প্রার্থীরা। দীর্ঘদিন পর গেল ৭ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে জেলা বিএনপি। ওইদিন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী জমায়েত হয় শহরে। গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনের প্রত্যয়ের মধ্য দিয়ে নেতাকর্মীকে নতুন বার্তা দেন জেলা বিএনপির দায়িত্বশীলরা। জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা চাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে এমন কোনো কাজ করা যাবে না যা দলের বদনাম নিয়ে আসে। আমাদের সব সময় সোচ্চার থাকতে হবে। ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই এই দেশে হবে না। আমরা নতুন নেতৃত্ব পেয়েছি। দলকে সুসংহত করতে উপজেলা ও পৌরসভা পর্যায়ে নতুন করে নেতৃত্ব গঠন করা হবে। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স