আওয়ামী লীগ থাকবে নাকি নিষিদ্ধ হবে, সিদ্ধান্ত সরকারের : রিজভী
- আপলোড সময় : ২২-১০-২০২৫ ০৮:৪৫:৩১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৫ ০৮:৪৮:৪৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি থাকবে নাকি নিষিদ্ধ করা হবে, সে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নেবে। তবে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে। মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি নভেম্বরে গণভোটের দাবিকে ‘মামাবাড়ির আবদার’ বলে আখ্যায়িত করেন। রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে। তিনি এ বিষয়টি আরও স্পষ্ট করার দাবি জানান। দলীয় নেতাকর্মীদেরকে কোনো উসকানিতে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান এই নেতা। তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, সব পেয়ে গেছি - এমন ভাবা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে - এমনটি ভাবা ভুল। উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মানবাধিকার রক্ষায় সংস্কারসহ একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক