সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

মহাসড়কে ইজিবাইকের দৌরাত্ম্য নিরাপদ সড়কের বড় হুমকি

  • আপলোড সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৫ ০৮:২০:২৪ পূর্বাহ্ন
মহাসড়কে ইজিবাইকের দৌরাত্ম্য নিরাপদ সড়কের বড় হুমকি
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইকের বেপরোয়া চলাচল এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়ম-নীতি তোয়াক্কা না করে প্রতিনিয়ত এসব যানবাহন মহাসড়কে ছুটে চলেছে। ফলে সড়ক দুর্ঘটনা বাড়ছে, ঝুঁকিতে পড়ছে যাত্রী, পথচারী ও সাধারণ মানুষ। সম্প্রতি শান্তিগঞ্জের জয়কলস এলাকায় একটি ত্রিমুখী সংঘর্ষে জেলা প্রশাসনের দুই কর্মকর্তা প্রাণ হারানোর মর্মান্তিক ঘটনায় বিষয়টি আবারও সামনে এসেছে। ইজিবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশা গ্রামীণ ও উপশহরাঞ্চলে স্বল্প দূরত্বের যাতায়াতে জনপ্রিয় হয়ে উঠেছে, তবে মহাসড়কে এদের চলাচল একেবারেই নিষিদ্ধ। এসব যানবাহনের গঠন ও গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা মহাসড়কের জন্য উপযোগী নয়। অধিকাংশ চালক অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। কিন্তু বাস্তবতা হলো- সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর পয়েন্ট থেকে চেখনিখারা পর্যন্ত অন্তত তিন শতাধিক ইজিবাইক প্রতিদিন চলাচল করছে। সড়কে ট্রাফিক পুলিশের তৎপরতা সীমিত, আর স্থানীয়ভাবে ‘সহানুভূতির’ সুযোগ নিয়ে এসব অবৈধ যান প্রকাশ্যে চলাচল করছে। আইন অনুযায়ী, মহাসড়কে ইজিবাইক চলাচল নিষিদ্ধ। তবুও এদের অবাধ উপস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শৈথিল্য ও দুর্বল মনিটরিংয়েরই ফল। কোথাও কোথাও ইজিবাইক চালকদের চাঁদা বা ‘লাইন ভাড়া’ দিয়ে চলাচলের সুযোগ নেওয়ার অভিযোগও আছে। ফলে শুধু আইন প্রয়োগ নয়, প্রশাসনের অভ্যন্তরীণ জবাবদিহিও জরুরি হয়ে পড়েছে। এখন সময় এসেছে এই ‘নীরব বিপদ’ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার। প্রথমত, মহাসড়কে ইজিবাইক চলাচল পুরোপুরি বন্ধে জেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগকে যৌথভাবে অভিযান চালাতে হবে। দ্বিতীয়ত, বিকল্প জীবিকার ব্যবস্থা না করে হঠাৎ নিষেধাজ্ঞা কার্যকর করলে সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে- তাই টেকসই বিকল্প পরিবহন ব্যবস্থা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি গ্রহণও প্রয়োজন। তৃতীয়ত, জনসচেতনতা বৃদ্ধি করতে স্থানীয় প্রশাসন ও সড়ক নিরাপত্তা সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সমন্বিত উদ্যোগের বিষয়। ইজিবাইকের দৌরাত্ম্য ঠেকাতে যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে এই মহাসড়ক হবে আরও অনিরাপদ। নিরাপদ সড়ক শুধু দাবি নয়- এটি নাগরিক অধিকার, আর কর্তৃপক্ষের দায়িত্বও বটে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন