সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সড়ক কবে নিরাপদ হবে?

  • আপলোড সময় : ০৯-১১-২০২৫ ০৭:৫৪:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৫ ০৭:৫৪:৪৭ পূর্বাহ্ন
সড়ক কবে নিরাপদ হবে?
প্রতিটি নতুন দুর্ঘটনার খবর যেন আর কোনো ক্ষণস্থায়ী সংবাদ নয় - এ যেন মানুষের জীবনের অনিবার্য শোকের অনুচ্ছেদে জুড়ে যাওয়া দীর্ঘশ্বাসের মতো। সুনামগঞ্জে ১১ মাসে ৬৫টি প্রাণহানি - এ সংখ্যাটি শুধু সংখ্যা নয়, এক একটি পরিবারের স্বপ্নের মৃত্যু, সন্তানহারা মায়ের বুকফাটা কান্না, রুটি রুজির জন্য বেরিয়ে আর ঘরে না ফেরার চিরন্তন শূন্যতা। সড়ক দুর্ঘটনা যেমন ঘটছে, তেমনি বাড়ছে মৃত্যু। গড়ত শুক্রবার জামালগঞ্জে একটি ইজিবাইকের ধাক্কায় পাঁচ বছরের শিশু জাহেদুল মারা গেল, গত মাসে শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে প্রাণ দিল। এর আগেও একই সড়কে আরেক মা-মেয়ের মৃত্যুর ঘটনা আমাদের ব্যথিত করছে। কেন থামছে না এই মৃত্যুর মিছিল? উত্তর আমাদের চোখের সামনেই- সরু সড়ক, বেপরোয়া চালক, প্রশিক্ষণহীন ও অনিবন্ধিত সিএনজি, ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য এই সব অনিয়মগুলোই আমরা দিনের পর দিন দেখছি, জেনেও যেন না জানার ভান করছি। প্রশাসনও স্বীকার করছে- সড়কে অবৈধ যানবাহন চলছে, অতিরিক্ত গতি চলছে, গরু-ছাগল সড়কের পাশে চড়ছে। এতকিছুর মাঝে কেউ দায় নেবে না? সড়ক নিরাপত্তার জন্য শুধু উন্নয়ন প্রকল্প পাস করলেই হবে না। সড়কের ৪ লেনের প্রস্তাব বা ‘লুকিং মিরর’ বসানোর প্রতিশ্রুতি আশার কথা হলেও - এই মুহূর্তে রাস্তায় অবৈধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, প্রশিক্ষণবিহীন চালকদের বিরুদ্ধে কঠোর অভিযান, মোড়ে মোড়ে হাইওয়ে পুলিশের উপস্থিতি - এসবই জরুরি। আমরা চাই না, আর কোনো মা তার শেষ নিঃশ্বাসে সন্তানের নাম চিৎকার করে ডাকুক। আমরা চাই না আর কোনো শিশু তার বই খাতা রেখে কফিনে শুয়ে ফিরুক। সুনামগঞ্জের সড়ক কবে নিরাপদ হবে - এ প্রশ্নটি আজ প্রতিটি মানুষের। এ প্রশ্নের উত্তর আর দেরি নয়, পৃথিবীর সব উন্নয়ন তখনই অর্থবহ যখন মানুষ নিরাপদে ঘরে ফিরতে পারে। সরকার, প্রশাসন, সড়ক বিভাগ, ও পরিবহন মালিক-শ্রমিক সংগঠন সবার সমন্বিত কঠোরতা ছাড়া সড়ক নিরাপদ হবে না। অবৈধ যানবাহন বন্ধ, লাইসেন্সবিহীন চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত তদারকি - এগুলো এখনই করতে হবে। প্রত্যেকটি মৃত্যু আমাদের বিবেককে প্রশ্ন করছে। আমরা কি জবাব দিতে প্রস্তুত? সুনামগঞ্জে সড়ক নিরাপত্তা নিয়ে আর বিলম্ব নয়, অবিলম্বে কঠোর, কার্যকর, দৃশ্যমান পদক্ষেপ চাই। কারণ- সড়কে আর কোনো প্রাণহানি আমরা দেখতে চাই না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স