সুনামগঞ্জ-৪
স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন জয়নুল জাকেরীন
- আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:০৯:০৬ অপরাহ্ন
- আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:০৯:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন।
মনোনয়ন বঞ্চনার পর থেকেই তার নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই লিখছেন-জাকেরীনকে ছাড়লে বিএনপি বড় রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। তারাও দাবি তুলেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।
জয়নুল জাকেরীন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিন মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা এই নেতা এবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু জেলার গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। গত বৃহ¯পতিবার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি নতুন আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন, যার মধ্যে সুনামগঞ্জ-৪ আসনও ছিল।
দলীয় মনোনয়ন না পাওয়ায় বিএনপি নেতা দেওয়ান জয়নুল জাকেরীনের কর্মী এবং সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বলছেন, জাকেরীন জনবান্ধব, জনপ্রিয় ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান - এমন একজন নেতাকে উপেক্ষা করে দল সুযোগ হারিয়েছে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন বিষয়ে দেওয়ান জয়নুল জাকেরীন সাংবাদিকদের বলেন, আমার বয়স এখন ৭৯ বছর। এটিই হয়তো আমার শেষ নির্বাচন। সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুরের অসংখ্য মানুষ আমাকে নির্বাচন করতে অনুরোধ করছেন। জনগণের এ দাবিকে আমি উপেক্ষা করতে পারবো না। কারণ তারাই আমার শক্তি, যাদের সঙ্গে আমি আন্দোলন-সংগ্রাম করেছি। খুব শিগগিরই আমার সিদ্ধান্ত জানাবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ