সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

শিক্ষা বিস্তারে প্রয়োজন বাস্তবমুখী দীর্ঘমেয়াদি পরিকল্পনা

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:১৭:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:১৭:৩৮ পূর্বাহ্ন
শিক্ষা বিস্তারে প্রয়োজন বাস্তবমুখী দীর্ঘমেয়াদি পরিকল্পনা
দেশের সামগ্রিক উন্নয়ন ও প্রগতির পথরেখায় শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কিন্তু দুঃখজনকভাবে সম্প্রতি হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে ২০২৫-এর তথ্য বলছে, দেশের মোট জনগোষ্ঠীর ৪২ শতাংশেরই শিক্ষাগত যোগ্যতা এখনো পঞ্চম শ্রেণীর নিচে। দীর্ঘ তিন দশকে সাক্ষরতা বৃদ্ধি, ঝরে পড়া কমানো এবং প্রাপ্তবয়স্কদের শিক্ষা নিশ্চিত করতে সরকার ও বিভিন্ন সংস্থা মোট ১১টি বড় প্রকল্প বাস্তবায়ন করলেও প্রত্যাশিত সাফল্য দৃশ্যমান হয়নি। প্রশ্ন উঠছে- এত প্রকল্প, এত অর্থ ব্যয়, তারপরও কেন দেশের প্রায় অর্ধেক মানুষ এখনো প্রাথমিক শিক্ষারও নিচে? শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পগুলো ছিল অনেকটাই দায়সারাভাবে নেয়া; প্রকৃত সমস্যা চিহ্নিত না করেই পরিকল্পনা তৈরি হয়েছে। মনিটরিং ছিল দুর্বল, অনিয়ম ছিল প্রকট। সবচেয়ে বড় কথা, শিক্ষাকে বিচ্ছিন্ন কোনো খাত হিসেবে দেখে প্রকল্প নেয়া হয়েছে, অথচ শিক্ষা কি শুধু বই-খাতা-স্কুল ভবনের মধ্যেই সীমাবদ্ধ? এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে পরিবারের দারিদ্র্য, সামাজিক পরিবেশ, শিক্ষকের দক্ষতা, বিদ্যালয়ের পরিবেশ এবং শেখার ফলাফল। যে দেশে ২৪ শতাংশ নারী কখনো বিদ্যালয়ে যায়নি, যেখানে পাহাড়ি জেলার মতো এলাকায় নিরক্ষরতার হার ৩৪ শতাংশ ছাড়িয়েছে এবং যেখানে শিশুদের অনেকেই পরিবারকে সহযোগিতা করতে বাধ্য হয়ে শিক্ষাজীবন ছেড়ে দেয় - সেই দেশে কেবল পরিসংখ্যানগত সাক্ষরতা নয়, প্রয়োজন বাস্তব জীবনে প্রয়োগযোগ্য কার্যকর সাক্ষরতার। এটি অর্জন সম্ভব নয় বিচ্ছিন্ন প্রকল্প বা কাগজে-কলমে অগ্রগতি দিয়ে; প্রয়োজন সমন্বিত জাতীয় কৌশল। শিক্ষায় প্রকৃত পরিবর্তনের জন্য প্রয়োজন তিনটি মৌলিক উদ্যোগ- প্রথমত, শিক্ষাকে দারিদ্র্য বিমোচনের সঙ্গে যুক্ত করতে হবে। যে পরিবার প্রতিদিন দু’মুঠো খাবার নিয়ে অনিশ্চিত, তাদের শিশু বিদ্যালয়ে থাকলেও শেখার মান ভালো হবে না। তাই দরিদ্র পরিবারগুলোর জন্য বৃত্তি, খাদ্য সহায়তা ও পরিবারভিত্তিক সমর্থন বাড়ানোর বিকল্প নেই। দ্বিতীয়ত, প্রকল্পগুলো হতে হবে বাস্তবভিত্তিক, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং শক্তিশালী মনিটরিং ব্যবস্থার ওপর দাঁড়ানো। শুধুমাত্র প্রকল্প গ্রহণ নয়, প্রকল্পের প্রতিটি ধাপের কার্যকারিতা নিশ্চিত করতে হবে স্বচ্ছতার মাধ্যমে। তৃতীয়ত, শিক্ষাকে কর্মমুখী দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর চলমান কর্মসূচি যেমন সাক্ষরতার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে - এ রকম উদ্যোগ সম্প্রসারিত করা জরুরি। এতে শিক্ষার্থী শুধু পড়তে-লিখতেই শিখবে না, জীবন-জীবিকার জন্য দক্ষতাও অর্জন করবে। শিক্ষার মান উন্নয়ন, ঝরে পড়া কমানো এবং কার্যকর সাক্ষরতা অর্জন এসবই টেকসই উন্নয়নের ভিত্তি। উন্নত বাংলাদেশ গড়তে হলে লোক দেখানো প্রকল্প না নিয়ে বাস্তবসম্মত, বিজ্ঞানভিত্তিক এবং দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ ছাড়া বিকল্প নেই। শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হলে দরকার সততা, দূরদৃষ্টি এবং রাজনৈতিক অঙ্গীকার। এখনই সময় শিক্ষা খাতের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সার্বিক সংস্কারের দিকে এগিয়ে যাওয়ার। অন্যথায় বড় অঙ্কের বাজেট ব্যয় করেও শিক্ষা খাতে কাক্সিক্ষত অগ্রগতি অর্জন করা সম্ভব হবে না। শিক্ষা শুধু জাতির মেরুদ- নয়, এটাই উন্নয়ন, অগ্রগতি ও মানবিক রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ