উদীচী-ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার ::
উদীচী শিল্পীগোষ্ঠী, ছায়ানট ও বিভিন্ন গণমাধ্যমে বর্বরোচিত হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা সংসদের আয়োজনে এই প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সহসভাপতি সঞ্চিতা চৌধুরী।
গণমাধ্যমকর্মী সাঈদুর রহমান আসাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এডভোকেট খলিল রহমান, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সিপিবি’র সাধারণ সম্পাদক জালাল সুমন, যুব ইউনিয়নের সভাপতি মো. আবু তাহের মিয়া, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, উদীচী ও ছায়ানটের মতো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা এবং গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি মুক্তবুদ্ধি চর্চা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের ওপর সরাসরি আঘাত। বক্তারা অবিলম্বে এসব হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উদীচী সুনামগঞ্জ জেলা সংসদের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংস্কৃতিক আন্দোলন ও গণমাধ্যমের কণ্ঠরোধ করে অতীতেও কোনো অপশক্তি সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় উদীচী রাজপথে লড়াই চালিয়ে যাবে।
এসময় সুনামগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
