সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নিরাপদ কৃষি ও খাদ্যব্যবস্থা : এখনই রাষ্ট্রীয় অঙ্গীকার প্রয়োজন

  • আপলোড সময় : ২০-০১-২০২৬ ০৯:৩২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৬ ০৯:৩২:১৪ পূর্বাহ্ন
নিরাপদ কৃষি ও খাদ্যব্যবস্থা : এখনই রাষ্ট্রীয় অঙ্গীকার প্রয়োজন
বাংলাদেশের কৃষি আজ এক গভীর সংকটের মুখোমুখি। একদিকে উৎপাদনের পরিসংখ্যান বাড়ছে, অন্যদিকে কৃষকের জীবন ও জীবিকা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, অনিয়ন্ত্রিত রাসায়নিক ব্যবহার, বাজারব্যবস্থার বৈষম্য এবং রাষ্ট্রীয় সুরক্ষার অভাবে কৃষক আজ সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাজীবী শ্রেণিতে পরিণত হয়েছে। এই বাস্তবতায় ‘নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন’-এর উত্থাপিত ফসলের বিমা, কৃষকের ঝুঁকি ভাতা চালুসহ ২০ দফা দাবি শুধু সময়োপযোগী নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্ররা যে বাস্তবচিত্র তুলে ধরেছেন, তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়- বর্তমান কৃষি উন্নয়ন ধারা কতটা কৃষকবিমুখ ও পরিবেশবিরোধী। অর্থনীতিবিদ আনু মুহাম্মদের বক্তব্য বিশেষভাবে গুরুত্ব পাওয়ার দাবি রাখে। তিনি যথার্থই বলেছেন, উৎপাদন বাড়লেও কৃষক আত্মহত্যা করছে, ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং রাসায়নিকনির্ভর ও মুনাফাকেন্দ্রিক কৃষিনীতির অনিবার্য পরিণতি। এই সংকটের বাস্তব উদাহরণ আমরা প্রতি বছরই দেখি সুনামগঞ্জের হাওরাঞ্চলে। আগাম বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাঁধ ভাঙার কারণে কৃষকের চোখের সামনেই হাজার হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে যায়। কৃষকের বছরের একমাত্র ফসল ধ্বংস হয়ে গেলেও তাদের জন্য নেই কার্যকর ক্ষতিপূরণ, নেই ফসল বিমা, নেই ঝুঁকি ভাতা। ফলে কৃষক ঋণের বোঝা নিয়ে নিঃস্ব হয়ে পড়ে, পরিবারসহ মানবেতর জীবনযাপনে বাধ্য হয়। প্রশ্ন হলো- যে কৃষক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে, তার নিজের জীবন ও জীবিকা কি রাষ্ট্রের কাছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? ‘নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন’-এর ২০ দফা দাবি এই প্রশ্নেরই একটি সমন্বিত উত্তর। কৃষকের মর্যাদাসহ স্বীকৃতি, কৃষিজমি সুরক্ষা, স্থানীয় বীজ ও জীববৈচিত্র্য রক্ষা, রাসায়নিক সার ও কীটনাশক নির্ভরতা কমানো, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষক পেনশন ও ফসল বিমা চালুর মতো দাবিগুলো কোনো বিলাসী চিন্তা নয় - এগুলো টিকে থাকার ন্যূনতম শর্ত। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা হাওর, উপকূল ও চরাঞ্চলের জন্য ফসল বিমা ও ঝুঁকি ভাতা চালু করা এখন আর বিকল্প নয়, এটি জরুরি রাষ্ট্রীয় দায়িত্ব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের মাটির স্বাস্থ্য। ৭২ শতাংশ মাটিতে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি এবং ৬০ শতাংশ জমিতে জিংকের অভাব শুধু কৃষির সংকট নয়, এটি জনস্বাস্থ্যেরও বড় হুমকি। মাটি অসুস্থ হলে খাদ্যও বিষাক্ত হবে এবং তার প্রভাব পড়বে পুরো সমাজে। তাই নিরাপদ কৃষি মানে শুধু কৃষকের সুরক্ষা নয়, বরং জাতির ভবিষ্যৎ সুরক্ষা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ২০ দফা দাবিকে রাজনৈতিক অঙ্গীকারে রূপ দেওয়ার সুযোগ রয়েছে। নির্বাচনি ইশতেহারে নিরাপদ কৃষি ও খাদ্যব্যবস্থার স্পষ্ট রূপরেখা না থাকলে উন্নয়নের সব দাবি অর্থহীন হয়ে পড়বে। উন্নয়ন তখনই টেকসই হবে, যখন কৃষক বাঁচবে, মাটি বাঁচবে, পানি বাঁচবে। রাষ্ট্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি শুধু উৎপাদনের সংখ্যা বাড়াতে চাই, নাকি মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে একটি ন্যায্য ও নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তুলতে চাই? সুনামগঞ্জের হাওরের ফসলডুবির ঘটনা আমাদের প্রতিবারই সেই প্রশ্নটি নতুন করে মনে করিয়ে দেয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন