সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

নাইকো’র কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ সুনামগঞ্জের উন্নয়নে ব্যয় করতে হবে

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০৭:১৫:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০৭:১৫:০৬ পূর্বাহ্ন
নাইকো’র কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ সুনামগঞ্জের উন্নয়নে ব্যয় করতে হবে
টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিপর্যয় বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাসে এক গভীর ক্ষত। ২০০৫ সালে ছাতকের টেংরাটিলায় সংঘটিত ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকা- শুধু রাষ্ট্রীয় সম্পদের অপূরণীয় ক্ষতিই করেনি, ধ্বংস করেছে হাজারো মানুষের জীবিকা, পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনা। দীর্ঘ প্রায় দুই দশকের আইনি লড়াই শেষে আন্তর্জাতিক সালিশি আদালত আইসিএসআইডির রায়ে কানাডিয়ান কো¤পানি নাইকো রিসোর্সেসের কাছ থেকে প্রায় ৪২ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায়ের সিদ্ধান্ত নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও আইনি অর্জন। তবে এই অর্জনের প্রকৃত মূল্য তখনই প্রতিষ্ঠিত হবে, যখন ক্ষতিপূরণের অর্থ যথাযথভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চল - বিশেষ করে সুনামগঞ্জ জেলার উন্নয়নে ব্যয় করা হবে। কারণ, নাইকোর অপরিণামদর্শী কর্মকা-ের সরাসরি ও দীর্ঘস্থায়ী ভুক্তভোগী ছিল সুনামগঞ্জের মানুষ, তাদের কৃষিজমি, জলাশয়, পরিবেশ ও জীববৈচিত্র্য। উল্লেখ্য, সরকার ও বাপেক্স টেংরাটিলা গ্যাসক্ষেত্র ধ্বংস এবং পরিবেশগত ক্ষতির জন্য যে বিপুল অঙ্কের (১০১ কোটি ৪০ লাখ ডলার) ক্ষতিপূরণ দাবি করেছিল, তার তুলনায় আদালতের রায় অনেক কম। তবু এটিকে অবহেলা করার সুযোগ নেই। বরং এই অর্থকে একটি কৌশলগত উন্নয়ন তহবিল হিসেবে বিবেচনা করা জরুরি। সুনামগঞ্জ জেলা আজও দেশের উন্নয়ন সূচকে পিছিয়ে থাকা একটি অঞ্চল। প্রতিবছর হাওরের আগাম বন্যা, নদীভাঙন, অবকাঠামোগত দুর্বলতা ও কর্মসংস্থানের অভাব জেলার মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়। টেংরাটিলা ট্র্যাজেডির ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। গ্যাসক্ষেত্রসংলগ্ন এলাকার পরিবেশ পুনরুদ্ধার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কার্যকর উদ্যোগ এখনো অপর্যাপ্ত। এই বাস্তবতায় নাইকোর কাছ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ সুনামগঞ্জের উন্নয়নে ব্যয় করার দাবি কেবল আবেগ নয়, এটি ন্যায্যতা ও সুবিচারের প্রশ্ন। টেংরাটিলা ও আশপাশের এলাকার পুনর্বাসন, উন্নত স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, নিরাপদ সড়ক ও টেকসই অবকাঠামো নির্মাণে এই অর্থ ব্যয় করা যেতে পারে। পাশাপাশি হাওর ব্যবস্থাপনা, নদী-খাল পুনঃখনন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে বিনিয়োগ করা হলে পুরো উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতন নাগরিকদের সোচ্চার অবস্থান এই দাবিকে আরও শক্তিশালী করেছে। উন্নয়নকর্মী, শিক্ষক, গবেষক ও স্থানীয় জনগণের কণ্ঠে একই কথা - টেংরাটিলার ক্ষতিপূরণ সুনামগঞ্জের উন্নয়নে ব্যয় করতে হবে। এটি কোনো দয়া নয়, বরং সুনামগঞ্জবাসীর প্রাপ্য। আমরা মনে করি, সরকার যদি এই ক্ষতিপূরণের অর্থকে জাতীয় কোষাগারের সাধারণ আয়ের অংশ হিসেবে না দেখে, বরং একটি স্বতন্ত্র ও স্বচ্ছ উন্নয়ন তহবিল হিসেবে সুনামগঞ্জের জন্য বরাদ্দ করে, তবে তা হবে রাষ্ট্রীয় ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত। পরিকল্পিত ও অংশগ্রহণমূলক ব্যবস্থাপনার মাধ্যমে এই অর্থ ব্যয় করা গেলে টেংরাটিলার বেদনাদায়ক ইতিহাস একদিন উন্নয়নের গল্পে রূপ নিতে পারে। নাইকো ক্ষতিপূরণ কেবল অতীতের ক্ষতির প্রতিদান নয় - এটি সুনামগঞ্জের ভবিষ্যৎ নির্মাণের এক সুবর্ণ সুযোগ। এই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়, সেটিই আজ সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প