জমি সংক্রান্ত বিরোধের জের
জামালগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট
- আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:৩০:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:৩০:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার রাত ১০টায় ভুক্তভোগী আব্দুল খালিক (৭০) জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভীমখালী ইউনিয়নের হারারকান্দি (মল্লিকপুর) গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত শুক্রবার জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সাইফুল মেম্বার (৩০), হোসেন আহাম্মদ ও আনোয়ার মিয়াসহ প্রায় শতাধিক মানুষ সংঘবদ্ধ হয়ে আব্দুল খালিকের নির্মাণাধীন বসতঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং ঘরের টিন, বাঁশ, কাঠসহ মালামাল লুটপাট করে নিয়ে যায় ও যাওয়ার সময় ঘরের কাঁথা-বালিশ ও কিছু আসবাবপত্রে আগুন ধরিয়ে দিয়ে যায়। এছাড়াও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হলে স্থানীয়দের হস্তক্ষেপে ওই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার আব্দুল খালিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
হারারকান্দি গ্রামের প্রত্যক্ষদর্শী আব্দুল হক জানান, সকাল বেলা আমাকে আমাদের ইউপি সদস্য আকাশ মিয়া ফোন করে বললো খালিক মিয়ার বাড়িতে মল্লিকপুর গ্রামের কিছু লোক হামলা করার আশঙ্কা আছে। এরমধ্যে আমি বাড়ি থেকে বের হয়ে দেখি প্রায় শতাধিক মানুষ হাতে বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রসহ হাওরের মাঝ দিয়ে আমাদের গ্রামের দিকে ছুটে আসছে খালিক মিয়ার বাড়িতে হামলা করার জন্য। আমি সাথে সাথে থানায় বিষয়টি অবগত করেছি। পুলিশ আসার আগেই তারা হামলা চালিয়ে পুরো ঘরটি ভেঙে ফেলে এবং খালিক মিয়ার পরিবারের সদস্যদের মারধর করে বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।
অপরদিকে বিবাদীরা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছে, আমরা গ্রামের পক্ষ থেকে সরকারি খাস জমিতে ঘর তৈরি না করার জন্য খালেক মিয়ার বাড়িতে গিয়েছিলাম। সেখানে তার ছেলে ও তিনি আমাদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এরপর গ্রামের কিছু ছেলে এমন ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান তালুকদারের সাথে কথা বললে তিনি জানান, জমি সংক্রান্ত একটি দ্বন্দ্ব ছিলো বেশ আগে থেকেই। তবে আজকে যে ঘটনা ঘটিয়েছে এলাকার কিছু লোকজন, এটা অত্যন্ত নিন্দনীয় কাজ। একজন লোকের বাড়িঘরে এভাবে হামলা দিয়ে লুটপাট করতে পারেনা।
এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বন্দে আলী জানান, ঘটনা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ