শামস শামীম::
ভূমিধস বিজয় পেয়ে সুনামগঞ্জের ৫টি আসনে থেকে নির্বাচিত সংসদ সদস্যগণ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিয়েছেন। শপথের মর্যাদা রক্ষা করে নিজ নিজ নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা। জনগণের প্রত্যাশা পূরণ করে জেলার শান্তি ও সম্প্রীতির সুনামের ঐতিহ্য বজায় রাখতে চান প্রত্যেকেই। একই সঙ্গে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় ৫ এমপি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার কথা বলেছেন। সুনামগঞ্জের বিএনপির নবনির্বাচিত এমপিরা জানান, আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে সম্প্রীতি রক্ষা করা তাদের প্রথম অগ্রাধিকার। তারা বলেন, সুনামগঞ্জ একটি প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ জেলা; এখানে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে রাজনৈতিক ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৫ এমপি জেলার মৌলিক উন্নয়নে নিজেরা ঐক্যবদ্ধ থাকার কথা জানিয়েছেন।,
এমপিরা আরও জানান, তারা নিজেদের মধ্যে সমন্বয় ও ঐক্য বজায় রেখে জেলার সামগ্রিক উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। জেলায় শিক্ষা খাতের মানোন্নয়ন, হাওরের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নতি এবং তথ্যপ্রযুক্তির প্রসারে বিশেষ উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি হাওরের বেকার যুবকদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা ও কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ নিবেন বলে জানান তারা। নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করে নবনির্বাচিত সংসদ সদস্যগণ বলেন, নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকা-ে স¤পৃক্ততা বাড়াতে সমন্বিত কর্মসূচি হাতে নেওয়া হবে। হাওরাঞ্চলে আগাম বন্যায় ফসলহানি রোধ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় সময়োপযোগী ব্যবস্থাগ্রহণ করা হবে।
সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত এমপি কামরুজ্জামান কামরুল বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে মতবিনিময় সভা, জনশুনানি ও স্থানীয় অংশীজনদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করবো। নিজের দলকে আরও সুসংগঠিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী বলেন, ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তকে পরাজিত করে প্রথমবার এমপি হয়েছিলাম। কিন্তু বিরোধী দলের এমপি হওয়ায় আশানুরূপ উন্নয়ন করতে পারিনি। জীবনের শেষ নির্বাচনে দিরাই-শাল্লাবাসী আমাকে যে সম্মান ও ভালোবাসা দেখিয়েছেন, এর প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। এবার সরকারি দলের এমপি হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত দিরাই-শাল্লাবাসীর উন্নয়নে চেষ্টা করে যাবো।
সুনামগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট নূরুল ইসলাম নূরুল বলেন, সুনামগঞ্জকে একটি আধুনিক, সমৃদ্ধ ও সম্প্রীতির জেলা হিসেবে গড়ে তোলতে কাজ করবো। নিজের এলাকায় মৌলিক উন্নয়নের পাশাপাশি জাতীয়তাবাদী শক্তিকে আগামীদিনের সব অপশক্তি মোকাবেলায় প্রস্তুত রাখবো।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ঐক্যবদ্ধ থেকে উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় কাজ করবেন সুনামগঞ্জের ৫ এমপি
- আপলোড সময় : ১৮-০২-২০২৬ ০৮:১৪:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৮-০২-২০২৬ ০৮:১৫:৫৯ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ