স্টাফ রিপোর্টার ::
সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পরিচয়ের সূত্র ধরে সুনামগঞ্জে এসে বিপাকে পড়েছে ১৫ বছর বয়সী এক কিশোরী। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর থানা পুলিশের নিরাপদ হেফাজতে রয়েছে। তার কাছ থেকে পরিবারের সন্ধান পেয়ে দ্রুত তাদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গা উপজেলার বামুনিয়াপাড়ার তরিকুল ইসলামের মেয়ে সুরাইয়া আক্তার (১৫) পরিবারের সঙ্গে সাভার হেমায়েতপুর থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়ের পর সুনামগঞ্জ শহরের ধোপাখালি এলাকার কয়েকজন কিশোরের সঙ্গে যোগাযোগ গড়ে ওঠে কিশোরীর। সেই সূত্র ধরে কিশোররা তাকে সুনামগঞ্জে নিয়ে আসে। তবে এখানে আসার পর কিশোররা নম্বর বন্ধ করে গা ঢাকা দেয়। তাদের কাউকেই আর খুঁজে পায়নি কিশোরি।
পুলিশ আরো জানায়, রবিবার রাতে কিশোরী সুনামগঞ্জে এসে পরিচিতজনদের খুঁজতে থাকে। সন্ধ্যার পরও কাউকে না পেয়ে সে বিপাকে পড়ে। পরে মানবিক কারণে এক রিকশাচালক তাকে রাতের জন্য আশ্রয় দেন। সোমবার দুপুরে তিনি পরিস্থিতি বুঝতে পেরে ওই কিশোরীকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যান। বর্তমানে কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, কিশোরী বর্তমানে আমাদের কাছে নিরাপদ হেফাজতে রয়েছে। তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের ভিত্তিতে অপ্রাপ্তবয়স্কদের অপরিচিত স্থানে যাওয়া ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।