স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের কৃতী সন্তান ও বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের খেলোয়াড় রাফিউল লেইস রাঈদ প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। আগামী ১১ জুন ফ্রান্সের ভ্যালেন্স শহরে অনুষ্ঠিতব্য একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে বাংলাদেশের পতাকা বহন করবেন তিনি।
টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডে রাঈদ ও তার সঙ্গীর প্রতিপক্ষ হবে স্পেনের জুটি। আন্তর্জাতিক ডাবলস ইভেন্টে রাঈদের পার্টনার লিপটন। বর্তমানে এই জুটির বিশ্ব র্যাঙ্কিং ৪৮৩। জাতীয় পর্যায়ে ডাবলস ইভেন্টে রাঈদের পার্টনার ওহিদুল, যাদের জুটি বর্তমানে জাতীয় রানারআপ।
এর আগে রাঈদ দেশে অনুষ্ঠিত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তবে এবারই প্রথম দেশের বাইরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন তিনি।
রাফিউল লেইস রাঈদ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী রবিউল লেইস রোকেসের ছেলে এবং মরহুম ডা. আবুল লেইসের নাতি। ছোটবেলা থেকেই ব্যাডমিন্টনে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়ে আসছেন তিনি।
তার ক্রীড়া জীবনের উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে জাতীয় সাব-জুনিয়র প্রতিযোগিতায় রানারআপ হওয়া, পরপর দুইবার সুনামগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়া, আন্তঃবিশ্ববিদ্যালয় (ইন্টার ইউনিভার্সিটি) প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন ও দুইবার রানারআপ হওয়ার গৌরব। এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশিপের বিভিন্ন আসরে একাধিকবার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলার কৃতিত্বও রয়েছে তার।
রাঈদের এই আন্তর্জাতিক যাত্রায় সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। জেলার ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, ইউরোপের মাটিতে সফল পারফরম্যান্সের মাধ্যমে তিনি দেশ ও জেলার জন্য নতুন গৌরব বয়ে আনবেন।