ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই ক্বারীর বাজারে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজনদের এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধরে নাসিম মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ী গত রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি উপজেলার সুনই মড়লবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মঞ্জুরুল হকের ছেলে। এ ঘটনায় নিহত ওই ব্যবসায়ীর স্ত্রী রূপসী আক্তার (৩০) বাদী হয়ে ১১জনের নাম উল্লেখ করে গত সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইমাম হোসেন বলেন, ঘটনাটি স্থানীয় লোকজনদের উপস্থিতিতে প্রকাশ্যে দিবালোকে ঘটায় ও ঘটনাস্থল এলাকায় পুলিশের প্রাথমিক অনুসন্ধান এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ঘটনায় প্রকাশিত তথ্যের সঙ্গে দায়েরকৃত অভিযোগটির ব্যাপক গরমিল থাকায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে তা পর্যালোচনা করা হচ্ছে।