সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন

আপলোড সময় : ১৪-০৬-২০২৬ ১০:৫৬:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৬-২০২৬ ১১:০০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
২৫০ শয্যাবিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ শয্যার হাম ডেডিকেটেড আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় দেশের ১০টি জেলা হাসপাতালে একযোগে নতুন আইসিইউ কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এমপি। নারায়ণগঞ্জ থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সুনামগঞ্জে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি যুক্ত হন সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মোহাম্মদ নূরে আলম শামীম, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডা. আবুল কালাম এবং গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একযোগে উদ্বোধন হওয়া হাসপাতালগুলো হলো- সুনামগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মুন্সীগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল, টাঙ্গাইল ২৫০ শয্যা জেলা হাসপাতাল, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, চুয়াডাঙ্গা জেলা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, শেরপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল, মাদারীপুর জেলা হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতাল। সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ পরিচালনার দায়িত্বে থাকা অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. সুহেল জানান, হাসপাতালের ৮ম তলায় স্থাপিত আইসিইউ ইউনিটে ১০টি শয্যা রয়েছে। তবে ইউনিটটি কার্যকরভাবে পরিচালনার জন্য পর্যাপ্ত চিকিৎসক ও দক্ষ নার্স প্রয়োজন। বর্তমানে জনবল সংকট রয়েছে, যা দ্রুত নিরসনের আশা করা হচ্ছে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. রফিকুল ইসলাম বলেন, প্রায় ১৯৯৩ সালে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ছিল। এরপর আর কোনো নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়া যায়নি। ২০১০ সালের দিকে গোলাপগঞ্জ থেকে একটি পুরোনো অ্যাম্বুলেন্স এনে মেরামতের মাধ্যমে চালু করা হয়েছিল। সেটিও প্রায় ২২ বছরের পুরোনো ছিল। বর্তমানে হাসপাতালে কোনো কার্যকর অ্যাম্বুলেন্স নেই। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ প্রায় ৩ বছর পর জেলা সদর হাসপাতালে ১০ শয্যার হাম ডেডিকেটেড আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন অ্যাম্বুলেন্সের জন্য একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উদ্যোগে দীর্ঘ প্রায় তিন বছর পর সুনামগঞ্জ সদর হাসপাতালে আইসিইউ সেবা চালু হলো। এর ফলে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে, সিলেট বা ঢাকায় রোগী রেফার করার প্রয়োজন কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তি হ্রাস পাবে। তিনি বলেন, জেলা সদর হাসপাতালে অ্যাম্বুলেন্স নেই। এটা খুবই দুঃখজনক। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের সমস্যা সমাধান করতে আন্তরিকভাবে চেষ্টা করবো। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এমপি বলেন, আইসিইউ সেবা প্রদানে কোনো ধরনের অবহেলা করা যাবে না। একান্ত প্রয়োজন ছাড়া রোগীদের উচ্চতর হাসপাতালে রেফার করা থেকে বিরত থাকতে হবে। শিশু ও বয়স্ক রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com