স্টাফ রিপোর্টার ::
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১৭ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত সাড়ে ১১টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বিশ্বম্ভরপুর বাজার নৌকাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই সাব্বির আহসান, এএসআই খাদেমুল ইসলাম ও কনস্টেবল মনির হোসেনসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া চারটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে অবৈধভাবে আমদানি করা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের ১ লাখ ৮৯ হাজার শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৬৭ হাজার টাকা এবং নৌকার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য দাঁড়ায় প্রায় ৭ লাখ ১৭ হাজার টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। সীমান্তপথে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। চোরাচালানের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।