স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, সাহসীকা জননী কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল ৪টায় শহরের কাজীর পয়েন্টস্থ জেলা মহিলা পরিষদের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি গৌরী ভট্টাচার্য্য।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি সঞ্চিতা চৌধুরী ও সেলিনা বেগম, সাধারণ স¤পাদক শরীফা আশ্রাফী শ¤পা, সহ-সাধারণ স¤পাদক সবিতা বীর, সাংগঠনিক স¤পাদক পাঞ্চালী চৌধুরী, প্রচার ও প্রকাশনা স¤পাদক মিনা পাল, কার্যকরী কমিটির সদস্য মাজেদা আক্তার, প্রোগ্রাম এক্সিকিউটিভ তৃণা দে এবং তরুণী সদস্য হেপী চৌধুরী ও কাকলী দাস।
বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সুফিয়া কামাল এমন এক ব্যক্তিত্ব, যাঁকে প্রতিদিনই প্রাতঃস্মরণীয়া হিসেবে স্মরণ করা হয়। তাঁর আদর্শ, সাহসিকতা ও মানবিক চেতনা আজও নারী আন্দোলন এবং নারীর মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে আছে।
তারা আরও বলেন, সুফিয়া কামালের উত্তরসূরি হিসেবে তাঁর আদর্শ ধারণ করে নারী সমাজের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সবাইকে কাজ করতে হবে। প্রতিষ্ঠার ৫৬ বছর পরও নারী অধিকার প্রতিষ্ঠার পথে নানা বাধা-বিপত্তি বিদ্যমান। তাই সুফিয়া কামালকে স্মরণ করা মানে নিজের ভেতরে সাহস সঞ্চয় করে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া।
সভায় বক্তারা প্রগতিশীল মূল্যবোধ রক্ষা এবং নারী সমাজকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন জেলা উদীচীর সাধারণ স¤পাদক জহির উদ্দিন, সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র সুনামগঞ্জের পরিচালক মাকসুদুর রহমান দিপু এবং মহিলা পরিষদের তরুণী সদস্য হেপী চৌধুরী, কাকলী দাস, কান্তা দাস ও রিয়া তালুকদার।
অনুষ্ঠানে জেলা মহিলা পরিষদের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।