ছাতক প্রতিনিধি ::
ছাতকে আকিজ ফ্যাক্টরিতে ড্রেন ও ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মুহাম্মদ সিরাজ মিয়া (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া ছাতক উপজেলার গদার মহল গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে।
ফ্যাক্টরির সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ৩ জন শ্রমিক একসঙ্গে কাজ করার সময় দু’জন ওপরে চলে আসেন। এর কিছুক্ষণ পর ট্যাংকির পাশে থাকা সিরাজ মিয়া হঠাৎ জ্ঞান হারিয়ে ভেতরে পড়ে যান। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসের কারণে অচেতন হয়ে তিনি ভেতরে পড়ে যান। ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ নিহতের পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছে। এছাড়াও শ্রমিকের মৃত্যুর ঘটনায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী ৫ লক্ষ ৪০ হাজার টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দেয়া হয়েছে ।
এদিকে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন বলেন, নিহতের পরিবার যদি মামলা করে, তবে আমরা শতভাগ মামলা নিতে প্রস্তুত আছি। পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।