স্টাফ রিপোর্টার ::
পুষ্টিসংবেদনশীল কৃষি সম্প্রসারণে শান্তিগঞ্জ উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে জিংক বায়োফর্টিফাইড বিনাধান ২০-এর বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (এমএআইএন) প্রকল্পের আওতায় হারভেস্টপ্লাস সল্যুশনস ও নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে উপজেলার শিমুলবাক ও জয়কলস ইউনিয়নের ১০০ জন কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি করে জিংক বায়োফর্টিফাইড বিনাধান-২০-এর বীজ বিতরণ করা হয়। পাশাপাশি জিংকসমৃদ্ধ ধান চাষের কলাকৌশল, মানসম্মত বীজ ব্যবহার, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং জিংকের পুষ্টিগুণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন হারভেস্টপ্লাস সল্যুশনস ও নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মজিবর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ নাজমুল কবির। এছাড়া উপসহকারী কৃষি কর্মকর্তাসহ এমএআইএন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জিংক বায়োফর্টিফাইড ধানের চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ চালের উৎপাদন বাড়বে এবং পরিবার পর্যায়ে পুষ্টিহীনতা দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।