ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী গ্রামের রাজশ্রী রানী সরকার নামের ১৯ মাস বয়সী এক শিশু নিজ বাড়ির ই থাকা টেপরি খালে পড়ে গিয়ে সোমবার বিকাল পাঁচটা থেকে নিখোঁজ রয়েছে। শিশুটি ওই গ্রামের বাসিন্দা চা বিক্রেতা রাজীব সরকারের মেয়ে।
শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রামের পশ্চিমে থাকা টেপরি খাল দিয়ে সোমবার বিকেল পাঁচটার দিকে একটি পিকনিকের নৌকা সাউন্ডবক্সে গান বাজিয়ে যাচ্ছিল। সাউন্ড বক্সের গান শুনে শিশুটি বসতঘর থেকে বের হয়ে এক পর্যায়ে সে ওই খালে পড়ে যায়। স্থানীয় লোকজন ও জেলেরা ওই খালে ওইদিন শিশুটিকে খোঁজাখুঁজি করলেও সন্ধান পাননি। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে কিশোরগঞ্জ থেকে আসা একদল ডুবুরি, ধর্মপাশা থানা পুলিশ, ধর্মপাশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন বিকেল চারটা পর্যন্ত শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ডুবুরিরা শিশুটির সন্ধান পাননি।
জয়শ্রী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নিথিশ চন্দ্র সরকার জানান, নিখোঁজ হওয়া ১৯ মাস বয়সী শিশুটির সন্ধান মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।