যুক্তরাজ্যে অনুষ্ঠিত বাংলাদেশ চতুর্দশ বইমেলায় তরুণ কবি জান্নাতুল ফেরদৌস ডলির দুটি কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’ এবং ‘মনের সীমানা নেই’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী ২৭ ও ২৮ জুন এ বইমেলার আয়োজন করে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ ইকবাল এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ স¤পাদক উদয় শংকর দুর্জয়।
২৮ জুন রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায় কবি জান্নাতুল ফেরদৌস ডলি’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার স্বামী মো. আলম এবং সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ও অধ্যাপক সাজিদুর রাহমান, বর্তমান সহ সভাপতি এস.কে.এম আশরাফুল হুদা, প্রবীণ সাংবাদিক ও লেখক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের প্রধান কোষাধ্যক্ষ হেনা বেগম, সহকারী কোষাধ্যক্ষ নুরুন্নবী আলী, সহকারী স¤পাদক স্মৃতি আজাদ, কার্যকরী কমিটির সদস্য কবি আসমা মতিন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কবি জান্নাতুল ফেরদৌস ডলি বলেন, শৈশব থেকেই সাহিত্য ও সৃজনশীল লেখালেখির প্রতি তাঁর গভীর অনুরাগ। বড় বোন নাজমিন চৌধুরী হিয়ার অনুপ্রেরণায় নিয়মিত সাহিত্যচর্চা শুরু করেন তিনি। পারিবারিক ব্যস্ততার মধ্যেও লেখালেখিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করে চলেছেন।
তিনি জানান, তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’-এ দেশপ্রেম, প্রতিবাদী চেতনা ও সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে। অপরদিকে ‘মনের সীমানা নেই’ কাব্যগ্রন্থে প্রবাসজীবনের অভিজ্ঞতা, মানবিক অনুভূতি, সীমাহীন ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি গভীর টান কাব্যিক ভাষায় প্রকাশ পেয়েছে।
কবি জান্নাতুল ফেরদৌস ডলি সমকালীন বাংলা সাহিত্যের একজন তরুণ কবি হিসেবে ইতোমধ্যেই পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। কবিতার পাশাপাশি গান, ইংরেজি কবিতা এবং অনুবাদচর্চাতেও তিনি সক্রিয়। তাঁর লেখায় দেশপ্রেম, মানবিকতা, প্রেম, প্রতিবাদ, নিঃসঙ্গতা, প্রবাসজীবনের অনুভূতি ও সমাজবাস্তবতা গভীরভাবে প্রতিফলিত হয়।
২০০১ সালের ফেব্রুয়ারিতে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস ডলি। তাঁর পিতা মো. আব্দুল ওয়াদুদ এবং মাতা জেসমিন আক্তার। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি।
বইমেলায় যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন শহর থেকে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, লেখক, প্রকাশক, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য বইপ্রেমীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বইয়ের প্রকাশনা, সাহিত্য আলোচনা, লেখক-পাঠক আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে। অনুষ্ঠানে দেশের ও প্রবাসের বিশিষ্ট কবি-সাহিত্যিক এবং সংস্কৃতিজনরা উপস্থিত ছিলেন।
প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ বইমেলায় তাঁর নতুন কাব্যগ্রন্থের প্রকাশ সাহিত্যপ্রেমীদের কাছে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। - সংবাদ বিজ্ঞপ্তি