স্টাফ রিপোর্টার ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সুনামগঞ্জে হচ্ছে না। দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, প্রথম ধাপে যেসব ১০০ উপজেলা ও পৌরসভায় দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেসব এলাকাকেই পদযাত্রার আওতায় আনা হয়েছে। সুনামগঞ্জে এখনো প্রথম ধাপে কোনো প্রার্থী ঘোষণা না হওয়ায় জেলাটি এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হলে সুনামগঞ্জসহ বাদ পড়া জেলাগুলোতে সাংগঠনিক সফর ও পদযাত্রার কর্মসূচি গ্রহণ করা হবে।
এনসিপির ঘোষিত কর্মসূচির বাইরে থাকা অন্য জেলাগুলো হলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর এবং রাঙামাটি।
এর আগে শনিবার বিকেলে রাজধানীতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারজিস আলম ‘গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষা’র দাবিতে সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে এবং ৬ জুলাই গাজীপুর থেকে এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের সহিংসতার অভিজ্ঞতার কারণে আপাতত গোপালগঞ্জে পদযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুনামগঞ্জের ক্ষেত্রে কোনো নিরাপত্তাজনিত কারণ নয়; বরং সাংগঠনিক প্রস্তুতি ও প্রথম ধাপের প্রার্থী তালিকায় জেলা অন্তর্ভুক্ত না হওয়াই পদযাত্রা না হওয়ার মূল কারণ বলে জানিয়েছে এনসিপি।
এনসিপির নেতারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের সাংগঠনিক কার্যক্রম শুরু হলে সুনামগঞ্জেও দলীয় সফর ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হবে।