প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

উজানের ঢল ও টানা বর্ষণে বন্যার শঙ্কা

আপলোড সময় : ১০-০৭-২০২৬ ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১০-০৭-২০২৬ ১০:৪৫:৩৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার নদ-নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বিশ্বম্ভরপুরের শক্তিয়ারকলা সড়ক ও তাহিরপুরের আনোয়ারপুর সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় সুনামগঞ্জ সদর থেকে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড ও বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। বৃহ¯পতিবার (৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরের সর্বোচ্চ। একই সময়ে ভারতের মেঘালয়সহ উজান এলাকায়ও ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢল নেমে এসে জেলার সুরমা, যাদুকাটা ও কুশিয়ারা নদীর পানি দ্রুত বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় পানির উচ্চতা ৪৪ সেন্টিমিটার বেড়েছে। এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও বৃষ্টি অব্যাহত থাকলে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আগামী কয়েক দিনের মধ্যে জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ অবস্থায় জেলা ও উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত, ত্রাণসামগ্রী মজুত, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠন, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ট্যাবলেট সংরক্ষণ এবং প্রয়োজনীয় নৌযান প্রস্তুত রাখা হয়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক বলেন, বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি ঢল অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বাড়বে এবং স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুই দিন সিলেট বিভাগের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের মেঘালয়, ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে যাদুকাটা, সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিন আরও দ্রুত বৃদ্ধি পেতে পারে। এতে সুনামগঞ্জের নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়–য়া জানান, আগামী দুই থেকে তিন দিন উত্তর-পূর্বাঞ্চল ও ভারতের উজানে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে সুনামগঞ্জের নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। এদিকে জেলা প্রশাসন দুর্যোগসংক্রান্ত তথ্য আদান-প্রদান ও জরুরি সেবার জন্য কন্ট্রোল রুম চালু করেছে। কন্ট্রোলরুমের নাম্বার: ০১৮৪৭৯৭৮৯৫৬ (মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট)। এছাড়া যেকোন বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ফোন বা মেসেজ দিতে পারবেন এই নাম্বারে: ০১৭৩০৩৩১০৯৮ (সাকিবুর রহমান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট)। তাছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর ০১৭৩০৩৩১১০২ মোবাইল নাম্বারেও যোগাযোগ করা যাবে। এছাড়া নদীর পানির উচ্চতার তথ্য নিয়মিত প্রকাশ এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত ত্রাণ বিতরণ, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি স¤পন্ন রয়েছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com