স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশা উপজেলার বৌলাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি অবজারভারের সাংবাদিক আরিফ খান সভাপতি এবং রেজাগীর আলম পলাশ সহ-সভাপতি নির্বাচিত হন।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের দাতা সদস্য আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ। পদাধিকারবলে প্রধান শিক্ষক মো. হারুন রশিদ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি নার্গিস সুলতানা, বিদ্যোৎসাহী মহিলা সদস্য রেশমা আক্তার, পুরুষ অভিভাবক সদস্য সাংবাদিক শাকিন শাহ, মহিলা অভিভাবক সদস্য সায়মা জাহান কলি ও নুর নাহার, ইউপি প্রতিনিধি শফিকুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী সদস্য সেলিম আহমেদ।
কমিটি গঠন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন রশিদ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নবগঠিত কমিটির সদস্যদের বরণ করে নেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতিসহ কমিটির সদস্যরা।