সুনামকণ্ঠ ডেস্ক ::
সারাদেশের এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সব ইউনিটকে পাশে থাকার নির্দেশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (১৪ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্চ কমিটির সদস্য লোকমান হোসেন লিমনের পাঠানো এক বার্তায় একথা জানানো হয়।
বার্তায় বলা হয়, সারাদেশে চলমান বন্যা পরিস্থিতি এবং দুর্যোগকবলিত অঞ্চলের শিক্ষার্থীদের বাস্তব সংকট উপেক্ষা করে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত না করায় দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও আন্দোলন কর্মসূচি পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নিরাপত্তা, মানসিক অবস্থা এবং সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এতে আরও বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বহু শিক্ষার্থী যাতায়াত সংকট, শিক্ষাসামগ্রী নষ্ট হওয়া এবং আশ্রয়কেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহৃত হওয়ার মতো বাস্তব সমস্যার মুখোমুখি। এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল। আমরা সারাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের চলমান যৌক্তিক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি এবং তাদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানাচ্ছি।
একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, থানা ও ইউনিট কমিটির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হচ্ছে যে, নিজ নিজ এলাকায় পরীক্ষার্থীদের শান্তিপূর্ণ ও আইনসম্মত কর্মসূচিতে সর্বাত্মক নৈতিক সহায়তা ও সংহতি জানাবেন। তবে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর, জনদুর্ভোগ সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে-এমন কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, আমরা পুনরায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সমান সুযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এইচএসসি ও সমমানের পরীক্ষাসহ সংশ্লিষ্ট পরীক্ষাগুলো স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করা হোক এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ নিশ্চিত করা হোক।