তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর মিয়া হোসেন (২৫) নামে এক যুবক নিজ বসতঘরে বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিয়া হোসেন ওই গ্রামের মৃত মিস্টার আলীর ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতের কোনো এক সময় নিজ ঘরের বৈদ্যুতিক ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন মিয়া হোসেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
জানা গেছে, মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাসে লেখেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নই।” তবে কী কারণে তিনি এমন স্ট্যাটাস দিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।