ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হলরুমে ওই ইউনিয়নের ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি করে ও চারটি কমিউনিটি ক্লিনিকে একটি করে বিনামূল্যে বিশুদ্ধ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির কাছে এসব হস্তান্তর করা হয়। ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীন মোহাম্মদ, মেউহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উসমান গণি, ইউপি সদস্য নেকচান মিয়া প্রমুখ।