স্টাফ রিপোর্টার ::
৫ম নাসরিন সুলতানা মেধাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী এবং প্রাথমিক বৃত্তি-২০২৫ প্রাপ্ত ফারিহা একাডেমির মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের পূর্ব নতুনপাড়া এলাকায় অবস্থিত ফারিহা একাডেমির হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফারিহা একাডেমির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নাসরিন সুলতানা মেধাবৃত্তি ২০২৫ প্রাপ্ত ২৯ জন এবং সরকারি প্রাথমিক বৃত্তি-২০২৫ প্রাপ্ত ১১ জনসহ মোট ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আরিফুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন এবং শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী জাইমা মোসফিরাত ও তিতাস চক্রবর্তী ওম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক রিপা দে। সভাপতিত্ব করেন ফারিহা একাডেমির প্রিন্সিপাল মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। পরে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী আমিনুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী সীমান্ত ম-ল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক দেবাশীষ তালুকদার শুভ্র।
আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুশিক্ষার কোনো বিকল্প নেই। একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক, ধর্মীয়, নৈতিক ও সাংস্কৃতিক শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিটি শিশুকে আদর্শ, সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিশু উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বেড়ে ওঠে। তবে সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত পরিচর্যার অভাবে অনেকের সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় না। তাই শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় বক্তারা শিশুদের সুশিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার এবং তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।