মিরাজের বিস্ফোরক মন্তব্য, “বিশ্বকাপ বয়কট ছিল রাজনৈতিক সিদ্ধান্ত”

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৯:৫৩:৪৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ রাজনৈতিকভাবে প্রভাবিত। তিনি বলেছেন, প্রতিটি ক্রিকেটারেরই বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে, কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হওয়াটা হতাশাজনক। একই সঙ্গে তিনি জানান, ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ নিয়ে বাংলাদেশ দল দারুণ উচ্ছ্বসিত। বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন মিরাজ। রেভস্পোর্টজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা, ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে কথা বলেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো উচিত ছিল? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, আমার মনে হয়, এটি পুরোপুরি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে আমার বলার মতো তেমন কিছু নেই। বিশ্বকাপে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। বিষয়টি কি আপনাকে হতাশ করেছে? এমন প্রশ্নের জবাবে তার কথা, অবশ্যই। প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। আমাদের অনেক তরুণ ক্রিকেটারও সেই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। সবাই বিষয়টি জানে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ভারতে খেলতে সবাই চায়। ভারত শিগগিরই সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসতে পারে। এই সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানান মিরাজ, আমরা এই সিরিজ নিয়ে খুবই উচ্ছ্বসিত। ভারত যদি বাংলাদেশে আসে, তাহলে সেটা আমাদের দেশের জন্য বড় একটি উপলক্ষ হবে। অনেক দিন হয়ে গেছে তাদের বিপক্ষে আমরা খেলিনি। ভারত খুবই শক্তিশালী দল, তাই চ্যালেঞ্জটা আমরা জানি। নিজেদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য। দারুণ একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com