স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনদিনের অচলাবস্থার পর বৃহ¯পতিবার (৩০ জুলাই) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সংগঠনগুলোর দাবি বিবেচনায় নিয়ে নতুন টোলহার নির্ধারণের সিদ্ধান্ত হলে সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনগুলোর নেতারা।
উপজেলা প্রশাসনের সভায় সিদ্ধান্ত অনুযায়ী, যাদুকাটা নদীর ফাজিলপুর টোল ট্যাক্সে পাথরের ক্ষেত্রে প্রতি টনে ৮০ পয়সা এবং বালুর ক্ষেত্রে প্রতি ঘনফুটে ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএর ফি ৩০ টাকা এবং খাস কালেকশনের জন্য পাথরে ১ টাকা ৭০ পয়সা ও বালুতে ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এদিকে পাটলাই নদীতে বিআইডব্লিউটিএর টোল প্রতি টনে ৪০ টাকা নির্ধারণ করা হলেও তা এখনও আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। বর্তমানে প্রতি টনে ৪৫ টাকা আদায় করা হচ্ছে বলে সভায় জানানো হয়। একই নদীর কামালপুর ও ডা¤েপর বাজার কুটঘাটে ১০০ টন পর্যন্ত ৫০০ টাকা, ২০০ টন পর্যন্ত ১ হাজার টাকা এবং ২০০ টনের বেশি হলে ২ হাজার টাকা টোল নির্ধারণ করা হয়েছে।
ব্যবসায়ী সংগঠনের সভাপতি কামাল মিয়া নতুন সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী টোল আদায় করা হবে। চলমান অবস্থায় রক্তি নদীতে কোনো অতিরিক্ত টাকা দেওয়া হবে না। তিনি শান্তিপূর্ণভাবে ধর্মঘট সফল করতে সহযোগিতা করায় নৌযান মালিক, শ্রমিক, ব্যবসায়ী সংগঠন, প্রশাসন ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী টোল ট্যাক্স, খাস কালেকশন ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ নির্ধারিত হারে টোল আদায় করে যথাযথ রসিদ প্রদান করবে। এর ব্যত্যয় ঘটলে পুনরায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া বলেন, নদীপথে টোল আদায়কে কেন্দ্র করে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। সংশ্লিষ্ট সংগঠনগুলোর দাবির ভিত্তিতেই নতুন টোল নির্ধারণ করা হয়েছে। ফলে ভবিষ্যতে এ বিষয়ে আর কোনো জটিলতা থাকবে না বলে আশা করছি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বলেন, নদীপথে টোলকে কেন্দ্র করে চলমান নৌপরিবহন ধর্মঘটের অবসান হয়েছে। নৌযান মালিক, শ্রমিক ও ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন টোলহার নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ নির্ধারিত হার অনুযায়ী টোল আদায় করবে। এর ব্যত্যয় ঘটলে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।